blog-img
সাশ্রয়ী প্রোডাকশন কোম্পানির সন্ধানে বিসিবি
14 hours ago
2.7 K Views
0 comments
আসন্ন নিউজিল্যান্ড সিরিজ সম্প্রচারের দায়িত্ব কার হাতে যাচ্ছে তা নিয়ে ক্রিকেট বোর্ডে বইছে আলোচনার ঝড়। তবে বিসিবির সহসভাপতি সাখাওয়াত হোসেন গতকাল পরিষ্কার জানিয়ে দিয়েছেন, বোর্ডের অর্থ সাশ্রয় করতে পারবে এমন কোম্পানিকেই এবার বেছে নেওয়া হবে। বিসিবি সূত্রে জানা গেছে, ২০২৭ সাল পর্যন্ত প্রোডাকশনের জন্য ভারতীয় প্রতিষ্ঠান ‘রিয়েল ইমপ্যাক্ট’-এর সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি থাকলেও উচ্চমূল্যের কারণে বিকল্প পথ ভাবছে বোর্ড। সর্বশেষ পাকিস্তান সিরিজে রিয়েল ইমপ্যাক্টকে বাদ দিয়ে দায়িত্ব দেওয়া হয়েছিল টিপিটিকে। তারা সন্তোষজনক মান বজায় রেখে বিসিবির প্রায় ১ কোটি টাকা সাশ্রয় করেছে। সাখাওয়াত হোসেন বলেন, ‘রিয়েল ইমপ্যাক্টের সঙ্গে আগের চুক্তিটি বোর্ডের জন্য মোটেও লাভজনক ছিল না। খরচ বেশি হওয়ায় আমরা তাদের গত সিরিজে রাখিনি। যদি তাদের খরচ বেশি হয় এবং বোর্ডের ক্ষতি হয়, তবে আমরা তাদের আর কাজ দেব না। এ চুক্তিগুলো পুনরায় পর্যালোচনা করা হবে।’ আসন্ন সিরিজের দরপত্র বিশ্লেষণে দেখা যায়, রিয়েল ইমপ্যাক্ট কর ও ভ্যাট বাদে একটি দর প্রস্তাব করে। কিন্তু বিদেশি প্রতিষ্ঠান হওয়ায় অতিরিক্ত ৩৫ শতাংশ করের বোঝা বিসিবিকেই বইতে হবে। অন্যদিকে দেশীয় টিপিটি ও ইমেগো প্রোডাকশন করসহ যে প্রস্তাব দিয়েছে, তা রিয়েল ইমপ্যাক্টের তুলনায় প্রায় ১৫ শতাংশ কম। ?বিসিবির একটি প্রভাবশালী পক্ষ রিয়েল ইমপ্যাক্টকে ফেরাতে তৎপর। তবে অধিকাংশ পরিচালকই সাশ্রয়ী এবং দক্ষ দেশীয় প্রতিষ্ঠানের পক্ষে অবস্থান নিয়েছেন। শেষ পর্যন্ত স্বচ্ছতা ও মিতব্যয়িতার বিচারে বিসিবি কোন পথে হাঁটে এখন সেটিই দেখার বিষয়।

Comments 0

Your Comment