দেশজুড়ে ৫ দিন বৃষ্টির পূর্বাভাস, কমবে দিনের তাপমাত্রা
14 hours ago
2.9 K
Views
0
like
share
সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে আবারও বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। আগামী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
সোমবার (৩ আগস্ট) আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আগামী কয়েক দিনে দেশের বিভিন্ন স্থানে অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও হতে পারে ভারী থেকে অতিভারী বর্ষণ।
আবহাওয়া অধিদপ্তর জানায়, মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ৯টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে।
মঙ্গলবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং অন্যান্য বিভাগের কিছু কিছু স্থানে বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে।
বুধবার (৫ আগস্ট) ও বৃহস্পতিবার (৬ আগস্ট) দেশের বিভিন্ন বিভাগে বৃষ্টির ধারা অব্যাহত থাকতে পারে। এ সময় কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার সারাদেশে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আগামী শুক্রবার (৭ আগস্ট) ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এ সময় তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী কয়েক দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।