৯৯.৯৩ শতাংশ ভোট পেয়ে জিতলেন কিম জং উন!
6 hours ago
2.7 K
Views
0
like
share
উত্তর কোরিয়ার ১৫তম সুপ্রিম পিপলস অ্যাসেম্বলি নির্বাচনে আবারও নিরঙ্কুশ বিজয় অর্জন করেছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। গত ১৫ই মার্চ অনুষ্ঠিত এই নির্বাচনে শাসক দল ওয়ার্কার্স পার্টি অফ কোরিয়া এবং তাদের সমর্থিত প্রার্থীরা প্রতিটি আসনেই জয়লাভ করেছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ জানিয়েছে, এবারের নির্বাচনে ৯৯.৯৩ শতাংশ ভোটার সরকারি প্রার্থীদের পক্ষে তাদের রায় দিয়েছেন। তবে কিছু সরকারি পরিসংখ্যানে এই হার ৯৯.৯৭ শতাংশ বলেও দাবি করা হয়েছে। অবাক করার মতো তথ্য হলো, নির্বাচনে ভোটার উপস্থিতির হার ছিল প্রায় শতভাগ বা ৯৯.৯৯ শতাংশ। প্রবাসে অবস্থানরত বা সমুদ্রে কর্মরত হাতেগোনা কিছু মানুষ ছাড়া নিবন্ধিত প্রায় সব ভোটারই এই প্রক্রিয়ায় অংশ নেন। এবারের নির্বাচনের সবচেয়ে উল্লেখযোগ্য ও ব্যতিক্রমী দিক হলো দীর্ঘ কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো 'না' ভোটের স্বীকৃতি। উত্তর কোরিয়ার নির্বাচনী ব্যবস্থায় প্রতিটি আসনে মাত্র একজন অনুমোদিত প্রার্থী থাকেন এবং ভোটারদের কাজ হলো সেই প্রার্থীকে গ্রহণ বা বর্জন করা। রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ০.০৭ শতাংশ ভোটার সরকারি প্রার্থীর বিপক্ষে ভোট দিয়েছেন। ১৯৫৭ সালের পর এই প্রথম দেশটি তাদের সংসদীয় নির্বাচনে বিরোধিতার এই সামান্য হার প্রকাশ্যে স্বীকার করল। যদিও কোনো বিরোধী দল বা বিকল্প প্রার্থী ব্যালটে ছিল না, তবুও এই সামান্য 'না' ভোট উত্তর কোরিয়ার কঠোর রাজনৈতিক আবহে এক বিরল ঘটনা হিসেবে দেখা হচ্ছে।