blog-img
হরমুজে জাহাজ চলাচলে স্থবিরতা, ২৪ ঘণ্টায় পার হয়েছে মাত্র ৯টি নৌযান
6 hours ago
1.9 K Views
0 comments
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা ভেস্তে যাওয়ার পর থেকেই হরমুজ প্রণালিতে দৈনন্দিন জাহাজ চলাচল ধারাবাহিকভাবে কমছে। মেরিনট্রাফিকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে মাত্র নয়টি নৌযান পারাপার হয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই সময়ে সাতটি পণ্যবাহী জাহাজ পারস্য উপসাগরে প্রবেশ করেছে। অন্যদিকে মাত্র একটি ট্যাংকার ও একটি কার্গো জাহাজ ওমান উপসাগরের দিকে বেরিয়ে গেছে। জাহাজ চলাচলের এই স্থবির চিত্র মাত্র পাঁচ মাস আগের পরিস্থিতির সম্পূর্ণ বিপরীত। লাইব্রেরি অব কংগ্রেসের তথ্য বলছে, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত শুরুর আগে এই প্রণালি দিয়ে প্রতিদিন গড়ে ১৩০টি জাহাজ চলাচল করত। সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলা-পাল্টা হামলা শুরু হওয়ায় নৌযানগুলোর নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ দেখা দিয়েছে। এর ফলে রপ্তানির অন্যতম প্রধান এই চ্যানেলটিতে তেল পরিবহন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। প্রণালিটির নিয়ন্ত্রণ নিতে মরিয়া ইরান এরই মধ্যে কয়েকটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। নিরাপত্তাহীনতার পাশাপাশি পুরো অঞ্চলজুড়ে ‘জিপিএস স্পুফিং’ বা নেভিগেশন ব্যবস্থায় কারসাজির আতঙ্কও বিরাজ করছে। এর মাধ্যমে জাহাজের সম্প্রচারিত অবস্থান পরিবর্তন করে ভুল জায়গায় দেখানো হয়। কয়েক মাস ধরে চলা এই কারসাজির কারণে অনেক সময় জাহাজের স্থানাঙ্ক কয়েক ডজন মাইল দূরে দেখায়। ফলে এই জলপথে জাহাজ চলাচলের ওপর নজরদারি করা এখন আরও কঠিন হয়ে পড়েছে।

Comments 0

Your Comment