হরমুজকে মার্কিন ভূখণ্ড করতে চান ট্রাম্প, ইরান বলল টুইট করে দখল করা যায় না
18 hours ago
4 K
Views
0
like
share
হরমুজ প্রণালিকে নিজেদের ভূমি হিসেবে ঘোষণা করতে চাইছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, টুইট বা নির্বাচনী ভাষণের মাধ্যমে এই নৌপথ দখল করা সম্ভব নয়। এটি সবসময় ইরানের ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।
সম্প্রতি নিউইয়র্কের এক সমাবেশে ট্রাম্প হাসতে হাসতে বলেন, ইরানকে হারানোর পর খুব শিগগিরই হরমুজকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করবেন তিনি। ইরানের পরমাণু অস্ত্র পাওয়া ঠেকাতে মার্কিনিদের গ্যাসের জন্য কিছুটা বেশি খরচ করাটা যৌক্তিক বলেও জানান তিনি। তবে হোয়াইট হাউসের এক কর্মকর্তা পরে জানান, ট্রাম্প কথাটি রসিকতা করে বলেছিলেন।
ট্রাম্পের মন্তব্যের জবাবে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিভাবাদি এক্সে বলেন, টুইট বা রণতরী দিয়ে হরমুজ দখল করা যায় না। এটি কেবল ইরানের নির্দেশেই খোলা বা বন্ধ হবে। তিনি যুক্তরাষ্ট্রকে পরাজয়ের বাস্তবতা মেনে নেওয়ার আহ্বান জানান।
এর আগে ট্রুথ সোশ্যালে ট্রাম্প দাবি করেন, হরমুজের ওপর যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে। মার্কিন নৌ অবরোধকে তিনি ‘ইস্পাতের দেয়াল’ আখ্যা দেন।
তবে ইরানের সামরিক মুখপাত্র ইব্রাহিম জোলফাগারি এটাকে মিথ্যা ও বানোয়াট বলেছেন। তিনি জানান, ইরানি বাহিনীর অনুমতি ছাড়া কোনো জাহাজ সেখানে চলতে পারবে না। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, যুক্তরাষ্ট্র ভুল হিসাব-নিকাশ করছে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে যৌথ হামলা চালালে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হয়। ওই হামলায় সর্বোচ্চ নেতা আলী খামেনিসহ শীর্ষ নেতারা নিহত হন। জবাবে ইরানও পাল্টা আক্রমণ চালায়।