সৌদি আরবের কাছে ১৯৬ কোটি ডলারের সমরাস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের
4 hours ago
3.7 K
Views
0
like
share
সৌদি আরবের কাছে প্রায় ১৯৬ কোটি ডলার মূল্যের 'প্রিসিশন-গাইডেড' রকেট সিস্টেম এবং সংশ্লিষ্ট সামরিক সরঞ্জাম বিক্রির একটি সম্ভাব্য প্রস্তাব আনুষ্ঠানিকভাবে অনুমোদন করেছে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট।
এক বিবৃতিতে স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, ‘ফরেন মিলিটারি সেল’ (এফএমএস) প্রক্রিয়ার আওতায় সৌদি আরবের কাছে এই উন্নত সমরাস্ত্র ও আনুষঙ্গিক সরঞ্জাম বিক্রির প্রাথমিক অনুমোদন দেওয়া হয়েছে। এই চুক্তির মোট প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১.৯৬ বিলিয়ন মার্কিন ডলার।
বিবৃতিতে বলা হয়েছে, সৌদি আরব সরকারের পক্ষ থেকে মূলত ১০ হাজার ‘অ্যাডভান্সড প্রিসিশন কিল ওয়েপন সিস্টেম’ এয়ার-টু-এয়ার গাইডেন্স সেকশন এবং আরও ১০ হাজার ‘এপিকেডব্লিউএস-টু’ এয়ার-টু-গ্রাউন্ড গাইডেন্স সেকশন ক্রয়ের অনুরোধ জানানো হয়েছিল।
স্টেট ডিপার্টমেন্ট আরও জানায়, এই প্রস্তাবিত বিক্রয় প্রক্রিয়ায় অন্যান্য আনুষঙ্গিক সামরিক সরঞ্জামও অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্যভাবে রয়েছে— এলএইউ-১৩১ এ/এ লঞ্চার, এমকে-১৫২ হাই এক্সপ্লোসিভ ওয়ারহেড, এমকে৬৬ রকেট মোটর, প্রক্সিমিটি ফিউজ, ডব্লিউটিইউ-১/বি প্র্যাকটিস ওয়ারহেড এবং ইনার্ট এমকে৬৬ রকেট মোটর।
এছাড়াও চুক্তির আওতায় টেস্ট সাপোর্ট সরঞ্জাম, লঞ্চ ও এমপ্লয়মেন্ট সরঞ্জাম, খুচরা যন্ত্রাংশ ও মেরামত সরঞ্জাম, প্রকাশনা ও কারিগরি নথিপত্র (ডকুমেন্টেশন), সংশ্লিষ্ট কর্মীদের প্রশিক্ষণ ও প্রশিক্ষণ সরঞ্জাম সরবরাহ করা হবে। একই সাথে মার্কিন সরকার এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে ইঞ্জিনিয়ারিং, টেকনিক্যাল ও লজিস্টিক সাপোর্ট সার্ভিসসহ লজিস্টিকস ও প্রোগ্রাম সাপোর্টের অন্যান্য সংশ্লিষ্ট বিষয়গুলোও চুক্তির অন্তর্ভুক্ত থাকবে।