blog-img
সিনেটে রাশিয়ার বিরুদ্ধে বিল পাস, ভারত-চীনের জন্য সামনে কী অপেক্ষা করছে
17 hours ago
2.1 K Views
0 comments
রাশিয়া থেকে তেল বা প্রাকৃতিক গ্যাস কেনা বিশ্বের শীর্ষ পাঁচটি দেশের ওপর শতভাগ পর্যন্ত শুল্ক আরোপের ক্ষমতা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দিয়ে একটি বিল পাস করেছে যুক্তরাষ্ট্রের সিনেট। এর ফলে রাশিয়ার জ্বালানির বড় ক্রেতা ভারত ও চীনের ওপরও বড় ধরনের শুল্ক আরোপের ঝুঁকি তৈরি হয়েছে। বৃহস্পতিবার সিনেটে ৮৬-১১ ভোটে বিলটি পাস হয়। ইউক্রেনের কট্টর সমর্থক ও রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহামের স্মরণে বিলটির নামকরণ করা হয়েছে। সিনেটর রিচার্ড ব্লুমেনথাল বলেন, এই বিলের মাধ্যমে ইউক্রেনের মানুষকে জানানো হচ্ছে যে তারা একা নয়। একই সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে উদ্দেশ করে তিনি বলেন, রাশিয়া ইউক্রেন জয় করতে পারবে না। বিলটি এখন মার্কিন প্রতিনিধি পরিষদে যাবে। ৩১ আগস্ট অধিবেশন শুরু হলে সেখানে এটি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। বিলে যা আছে রাশিয়া থেকে তেল বা গ্যাস কেনা শীর্ষ পাঁচ দেশের ওপর শতভাগ পর্যন্ত শুল্ক আরোপের ক্ষমতা ট্রাম্পকে দেওয়া হয়েছে। এই তালিকায় ভারত ও চীনের পাশাপাশি আজারবাইজান, হাঙ্গেরি ও স্লোভাকিয়ার নাম রয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, দেশটির জ্যেষ্ঠ রাজনৈতিক ও সামরিক নেতা, আর্থিক প্রতিষ্ঠান এবং জ্বালানি প্রকল্পের ওপর নিষেধাজ্ঞার ব্যবস্থাও রাখা হয়েছে। এ ছাড়া রাশিয়ার তেল পরিবহনে ব্যবহৃত পুরোনো জাহাজগুলোকেও নিষেধাজ্ঞার আওতায় আনার সুযোগ রাখা হয়েছে। তবে যেসব দেশ রাশিয়া থেকে তাদের মোট প্রাকৃতিক গ্যাসের ১৫ শতাংশের কম আমদানি করে এবং আমদানি কমানোর পদক্ষেপ নিচ্ছে, তাদের ক্ষেত্রে ছাড়ের সুযোগ রয়েছে। জাতীয় স্বার্থে প্রয়োজন হলে নিষেধাজ্ঞা বা বিধিনিষেধ প্রত্যাহারের ক্ষমতাও প্রেসিডেন্টকে দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে কংগ্রেসকে বিষয়টি নিশ্চিত করতে হবে। বিলে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার পাশাপাশি ১৯৯৬ সালের ইরান নিষেধাজ্ঞা আইনের মেয়াদ ২০৩১ সাল পর্যন্ত বাড়ানোর কথাও বলা হয়েছে।

Comments 0

Your Comment