বিশ্বের অন্যতম ধনী শহর সিঙ্গাপুর সিটি এখন পৃথিবীর সবচেয়ে দূষিত শহরে পরিণত হয়েছে। প্রতিবেশী ইন্দোনেশিয়ায় সৃষ্ট অগ্নিকান্ডের ফলে ঘন ও বিষাক্ত ধোঁয়াশার চাদরে শহরটি আচ্ছন্ন হয়ে পড়েছে। সূত্র : সিএনএন
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা ‘আইকিউএয়ার’-এর তথ্যানুযায়ী, গত শুক্রবার দিনের মাঝামাঝি শহরটির বায়ুমান সূচক (একিউআই) ছিল ২১৬, যা ‘অত্যন্ত অস্বাস্থ্যকর’ মাত্রার অন্তর্ভুক্ত। বলা হয়, চলতি সপ্তাহে আইকিউএয়ারের তালিকায় বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের শীর্ষে উঠে এসেছে এশিয়ার এই আর্থিক কেন্দ্র এবং শুক্রবার সকালেও তা শীর্ষস্থানেই ছিল। ইন্দোনেশিয়ার অগ্নিকান্ডে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত কুয়ালালামপুর ছিল তালিকার দ্বিতীয় স্থানে। দূষণের কারণে সিঙ্গাপুরের আকাশরেখায় মেরিনা বে স্যান্ডস এবং অন্যান্য আকাশচুম্বী অট্টালিকাও অস্পষ্ট ছায়ামূর্তির মতো দেখা যাচ্ছে। বৃহস্পতিবার নিজেদের ওয়েবসাইটে দেওয়া হালনাগাদ তথ্যে সিঙ্গাপুরের জাতীয় পরিবেশ কর্তৃপক্ষ (ন্যাশনাল এনভায়রনমেন্ট এজেন্সি) জানিয়েছে, ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চল এবং পশ্চিম কালিমন্তান থেকে মাঝারি ও ঘন ধোঁয়ার কুন্ডলী সিঙ্গাপুরের দিকে ভেসে আসার কারণেই এ দূষণ পরিস্থিতি দেখা গেছে। শিগগিরই এ পরিস্থিতির উন্নতির সম্ভাবনা তেমন নেই উল্লেখ করে জাতীয় পরিবেশ সংস্থার ওয়েবসাইটে আরও বলা হয়েছে, ‘দক্ষিণ-পূর্ব বা দক্ষিণ দিক থেকে বয়ে আসা বাতাসের প্রভাবে সিঙ্গাপুরের দিকে ধোঁয়াশা ভেসে আসা অব্যাহত থাকতে পারে।’