জেরুজালেমসহ ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি বিধিনিষেধ এবং সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতির অজুহাতে আসন্ন আইনসভা ও প্রেসিডেন্ট নির্বাচন স্থগিত ঘোষণা করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। আগামী সাধারণ নির্বাচনের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে ২০২৭ সালের ১১ সেপ্টেম্বর।
শনিবার (১০ অক্টোবর) ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা-তে প্রকাশিত এক সরকারি বিবৃতিতে এই তথ্য জানানো হয়। ফিলিস্তিন মুক্তি সংস্থার (পিএলও) নির্বাহী কমিটির জরুরি বৈঠক এবং বিভিন্ন রাজনৈতিক দলের সাথে দীর্ঘ আলোচনার পর প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এই ডিক্রি জারি করেন।
বিবৃতিতে বলা হয়, মুক্ত, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের জন্য যে ধরনের রাজনৈতিক ও নিরাপত্তাজনিত পরিবেশ প্রয়োজন, বর্তমানে তা অনুপস্থিত। বিশেষ করে পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরে ইসরায়েলি কর্তৃপক্ষের নানামুখী প্রতিবন্ধকতার কারণে পূর্বনির্ধারিত সময়ে ভোটগ্রহণ সম্ভব নয় বলে ঐকমত্যে পৌঁছেছে পিএলও।
পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী, চলতি বছরের ২৮ নভেম্বর আইনসভা নির্বাচন এবং ২০২৭ সালের শুরুতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আন্তর্জাতিক সম্প্রদায় দীর্ঘদিন ধরে এই নির্বাচনের তাগিদ দিয়ে আসলেও পরিবর্তিত পরিস্থিতিতে দুটি নির্বাচনই একসঙ্গে ২০২৭ সালের সেপ্টেম্বরে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হলো।