blog-img
শাহরুখ-কাজলের গান দিয়ে ফের ভাইরাল মালয়েশিয়ান প্রধানমন্ত্রী
1 hour ago
3.6 K Views
0 comments

বলিউডের জনপ্রিয় গান দিয়ে এর আগেও আলোচনায় এসেছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এবার ভারতের ব্রিকস সম্মেলন সফরের একটি ভিডিওতে শাহরুখ খান ও কাজল অভিনীত জনপ্রিয় সিনেমা দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গের গান ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনায় তিনি।


ভারত সফরের বিভিন্ন মুহূর্ত নিয়ে তৈরি একটি ভিডিও ইনস্টাগ্রামে প্রকাশ করেছেন আনোয়ার ইব্রাহিম। ভিডিওতে ১৯৯৫ সালের আলোচিত সিনেমাটির জনপ্রিয় গান ‘তুঝে দেখা তো ইয়ে জানা সানাম’ ব্যবহার করা হয়েছে। ভিডিওতে নয়াদিল্লির ভারত মণ্ডপমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার সাক্ষাতের মুহূর্তগুলোও দেখা যায়।


এর আগে বাংলাদেশ সফর ঘিরেও সংগীতের প্রতি নিজের আগ্রহের প্রকাশ ঘটিয়েছিলেন আনোয়ার। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরের একটি ভিডিওতে তিনি হাবিব ওয়াহিদের জনপ্রিয় গান ‘মহাজাদু’ ব্যবহার করেছিলেন। সংগীতের মাধ্যমে বিভিন্ন কূটনৈতিক মুহূর্ত তুলে ধরার এমন উদ্যোগকে অনেকে ‘সং ডিপ্লোম্যাসি’ হিসেবে উল্লেখ করছেন।


এবারের ভারত সফরেও শুধু একটি গানেই থামেননি আনোয়ার ইব্রাহিম। মোদির সঙ্গে একটি ছবির সঙ্গে ব্যবহার করা হয়েছে দিল তো পাগল হ্যায় সিনেমার শিরোনাম গান। ব্রিকস সম্মেলনে বক্তব্য দেওয়ার ছবির পেছনে ছিল হর দিল জো পেয়ার করেগার গান।


ভারত ছাড়ার সময় প্রকাশিত একটি ভিডিওতেও বলিউডের গান ব্যবহার করেছেন তিনি। সেখানে শোনা যায় লক্ষ্য সিনেমার ‘কান্ধোঁ সে মিলতে হ্যায় কান্ধে’ গান।


ভারত সফরের ফাঁকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গেও সাক্ষাৎ করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। তাদের সঙ্গে ভোজের একটি ছবিতে ব্যাকগ্রাউন্ডে শোনা যায় ভীর-জারা সিনেমার ‘আইসা দেশ হ্যায় মেরা’ গান।


বলিউডের এসব জনপ্রিয় গান ব্যবহারের কারণে আনোয়ার ইব্রাহিমের ভারত সফরের বিভিন্ন মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে আলাদা করে নজর কেড়েছে।

Comments 0

Your Comment