blog-img
যেকোনো মুহূর্তে সর্বাত্মক হামলা চালানোর হুঁশিয়ারি ইরানের
11 hours ago
2.2 K Views
0 comments
ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনে নতুন হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইরানের একজন উচ্চপদস্থ নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, ইসরায়েলি শাসকগোষ্ঠী ক্রমাগত চুক্তি লঙ্ঘন করে চললে ইরান যেকোনো মুহূর্তে পাল্টা আক্রমণে ঝাঁপিয়ে পড়তে পারে। প্রেস টিভিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ওই কর্মকর্তা বলেন, বিশ্ববাসী দেখছে কীভাবে একটি স্থিতিশীল পরিবেশ তৈরির প্রচেষ্টাকে ইসরায়েল নস্যাৎ করছে। তিনি অভিযোগ করেন, একদিকে লেবাননে আগ্রাসন এবং অন্যদিকে ইরানের ওপর হামলা চালিয়ে ইসরায়েল মূলত যুক্তরাষ্ট্রের জন্য এই চুক্তির মাশুল বাড়িয়ে দিচ্ছে। উদ্ভূত পরিস্থিতিতে মধ্যস্থতাকারী দেশগুলোকে অবিলম্বে হস্তক্ষেপে আহ্বান জানিয়ে তিনি বলেন, এই আগ্রাসী শক্তিকে থামানোর এখনই উপযুক্ত সময়। নিরাপত্তা কর্মকর্তাটি স্পষ্টভাবে সতর্ক করে দিয়ে বলেন, যদি এই যুদ্ধবিরতি পুরোপুরি ভেঙে পড়ে তবে তার জন্য একমাত্র ইসরায়েলই দায়ী থাকবে এবং ইরান অবশ্যই এর দাঁতভাঙা জবাব দেবে। তিনি আরও উল্লেখ করেন, হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার মাধ্যমে যে স্বস্তিদায়ক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, ইসরায়েলি উসকানি চলতে থাকলে তার অবসান ঘটবে দ্রুতই। তবে যুদ্ধবিরতি ঘোষণার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই ইসরায়েল লেবাননের রাজধানী বৈরুতসহ বিভিন্ন স্থানে ভয়াবহ বিমান হামলা চালায়। প্রত্যক্ষদর্শীদের মতে, মাত্র ১০ মিনিটের ব্যবধানে ইসরায়েলি বাহিনী ১০০টিরও বেশি বিমান হামলা চালিয়েছে।

Comments 0

Your Comment