blog-img
যুক্তরাষ্ট্রে পরিবারের ছয় সদস্যকে হত্যার পর বন্দুকধারীর আত্মহত্যা
11 hours ago
3.3 K Views
0 comments
যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের মাসকাটিন শহরে পারিবারিক কলহের জেরে নিজ পরিবারের ছয়জনকে গুলি করে হত্যার পর আত্মহত্যা করেছেন এক বন্দুকধারী। এমন আকস্মিক ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে একটি বাড়ি থেকে গুলির শব্দ শোনার পর জরুরি সহায়তা নম্বরে ফোন আসে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করেন। তবে পুলিশ পৌঁছানোর আগেই হামলাকারী ঘটনাস্থল ত্যাগ করেন। পরবর্তীতে তদন্তের অগ্রগতিতে শহরের আরও দুটি স্থানে অভিযান চালিয়ে দুই পুরুষের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। একজনকে একটি বাড়িতে এবং অন্যজনকে নিকটবর্তী একটি ব্যবসা প্রতিষ্ঠানে মৃত অবস্থায় পাওয়া যায়। এতে নিহতের সংখ্যা দাঁড়ায় ছয়জনে। প্রাথমিক তদন্তে পুলিশ নিশ্চিত হয়েছে, নিহত সবাই হামলাকারীর পরিবারের সদস্য। পুলিশ সন্দেহভাজন হামলাকারীকে ৫২ বছর বয়সী রায়ান উইলস ম্যাকফারল্যান্ড হিসেবে শনাক্ত করেছে। ঘটনার পর সন্দেহভাজন ব্যক্তিকে অনুসরণ করতে থাকে পুলিশ। একপর্যায়ে মিসিসিপি নদীর তীরবর্তী পথ ধরে পালিয়ে যাওয়ার সময় তাকে একটি পথচারী সেতুর কাছে ঘিরে ফেলা হয়। পুলিশের মুখোমুখি হয়ে ওই ব্যক্তি নিজের আগ্নেয়াস্ত্র দিয়ে নিজেকেই গুলি করেন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মাসকাটিন শহরের পুলিশ প্রধান বলেন, এই নৃশংস ঘটনা পুরো সম্প্রদায়কে গভীরভাবে নাড়িয়ে দিয়েছে। এমন ভয়াবহ ঘটনার বেদনা ভাষায় প্রকাশ করা কঠিন। তদন্তকারীরা জানিয়েছেন, হামলাকারীর বিরুদ্ধে অতীতে অপরাধমূলক কর্মকাণ্ডের রেকর্ড ছিল। তবে বর্তমানে জনসাধারণের নিরাপত্তার জন্য আর কোনো হুমকি নেই। নিহতদের পরিচয় ও বয়স এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। ঘটনার পেছনে ঠিক কী কারণ কাজ করেছে, তা জানতে বিস্তারিত তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। তবে পারিবারিক বিরোধের জেরে সংঘটিত এই হত্যাকাণ্ড যুক্তরাষ্ট্রে আবারও পারিবারিক সহিংসতা ও আগ্নেয়াস্ত্র ব্যবহারের ঝুঁকি নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে।

Comments 0

Your Comment