যুক্তরাষ্ট্রে জ্বালানির বাজারে আগুন, লাফিয়ে বাড়ছে দাম
6 hours ago
2.9 K
Views
0
like
share
ইরানজুড়ে চলমান যুদ্ধ এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়ার প্রভাবে যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম লাফিয়ে বাড়ছে। ট্রিপল এ-এর সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন গ্যাসের গড় দাম এখন ৩.৬০ ডলারে পৌঁছেছে। গত মাত্র এক সপ্তাহে জ্বালানির দাম বেড়েছে ৩৫ সেন্ট এবং গত এক মাসে এই বৃদ্ধির পরিমাণ ৬৫ সেন্ট, যা ২০২২ সালের মার্চে ইউক্রেন আক্রমণের পর থেকে সর্বোচ্চ মাসিক ও সাপ্তাহিক বৃদ্ধির রেকর্ড। গত এক মাসে দেশটিতে জ্বালানির দাম প্রায় ২২ শতাংশ বেড়েছে, যা গত ২১ মাসের মধ্যে সর্বোচ্চ। বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় ২০ শতাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। কিন্তু বর্তমানে যুদ্ধাবস্থার কারণে এই পথ দিয়ে সরবরাহব্যবস্থা স্থবির হয়ে পড়েছে। এর পাশাপাশি বিশ্বের বৃহত্তম তেল রফতানিকারক দেশ সৌদি আরবসহ সংযুক্ত আরব আমিরাত, কাতার ও কুয়েতের তেল স্থাপনাগুলোতে ইরানের উপর্যুপরি পাল্টা হামলার কারণে আন্তর্জাতিক বাজারে তেলের সংকট তীব্রতর হয়েছে। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ ‘খুব শিগগিরই’ শেষ হওয়ার আভাস দেওয়ার পর মঙ্গলবার তেলের বাজারে সাময়িক দরপতন ঘটেছিল, কিন্তু বুধবার ও বৃহস্পতিবার প্রণালির কাছে জাহাজে নতুন করে হামলার খবর আসায় দাম আবারও আকাশচুম্বী হয়েছে। আজকের শুরুর দিকের লেনদেনে অপরিশোধিত তেলের ফিউচার মূল্য প্রতি ব্যারেল ১০০ ডলার ছাড়িয়ে গেছে। বাজার বিশ্লেষকরা আশঙ্কা করছেন, যুদ্ধ পরিস্থিতির দ্রুত উন্নতি না হলে সাধারণ মানুষের জন্য জ্বালানির এই বাড়তি খরচের বোঝা আরও দীর্ঘস্থায়ী হতে পারে। বর্তমানে খুচরা পর্যায়ে দাম কিছুটা স্থিতিশীল মনে হলেও পাইকারি বাজারে অস্থিরতা বজায় থাকায় সামনে আরও বড় ধরনের মূল্যবৃদ্ধির পূর্বাভাস পাওয়া যাচ্ছে। সূত্র: সিএনএন