মোদির বাড়ির সামনে ধর্না দিয়ে রাহুল গান্ধীর কড়া বার্তা
3 hours ago
2.3 K
Views
0
like
share
পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং ছাত্র আন্দোলনের ওপর পুলিশি দমনপীড়নের প্রতিবাদে মঙ্গলবার উত্তাল হয়ে উঠল রাজধানী দিল্লির রাজনীতির ময়দান। দিল্লিতে ছাত্র-যুবদের মিছিলে পুলিশের লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস প্রয়োগের প্রতিবাদে সরাসরি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের অদূরে লোককল্যাণ মার্গে ধর্না-বিক্ষোভে বসলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে।
এই হাই-প্রোফাইল প্রতিবাদ কর্মসূচিতে তাঁদের সঙ্গে যোগ দেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী এবং এআইসিসি সাধারণ সম্পাদক কেসি বেণুগোপালসহ দলের একাধিক সাংসদ। উচ্চ নিরাপত্তার ঘেরাটোপে থাকা ওই এলাকায় বিরোধী নেতাদের এই আচমকা ধর্নায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
পরিস্থিতি সামাল দিতে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছান কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংহ। তিনি রাহুল ও খড়গেদের সঙ্গে সাক্ষাৎ করে উচ্চ নিরাপত্তাবেষ্টিত এলাকা থেকে ধর্না তুলে নেওয়ার অনুরোধ জানান। তবে নিজেদের দাবিতে অনড় কংগ্রেস নেতৃত্ব শুধু কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগই নয় বরং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ইস্তফাও দাবি করেন।
প্রসঙ্গত, প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র সংসদ অভিযানকে কেন্দ্র করে গত সোমবারই রণক্ষেত্রের চেহারা নিয়েছিল দিল্লি। বিক্ষোভকারীরা পুলিশের বাধা ও কাঁদুনে গ্যাস অতিক্রম করে সংসদ ভবনের মূল ফটকের কাছাকাছি পৌঁছে গেলে নিরাপত্তার স্বার্থে ফটক বন্ধ করে দিতে হয়। সংসদ অধিবেশনে তখন খোদ প্রধানমন্ত্রীসহ কেন্দ্রীয় মন্ত্রিসভার একাধিক সদস্য উপস্থিত ছিলেন।
সিজেপি নেতৃত্বের অভিযোগ, তাঁদের সম্পূর্ণ শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশি দমনপীড়ন চালানো হয়েছে। শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে মাসখানেক আগে যন্তর মন্তরে আন্দোলন শুরু করেছিল সিজেপি, যাতে পরবর্তীকালে যুক্ত হন পরিবেশকর্মী সোনম ওয়াংচুক। আন্দোলন ব্যাপক জনসমর্থন পাওয়ার পর সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্রিয় হয় এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডাকে সমাধানের দায়িত্ব দেওয়া হয়। নাড্ডা ইতিমধ্যেই সিজেপি নেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন এবং শিক্ষামন্ত্রীর ইস্তফা সংক্রান্ত দাবিটি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।