blog-img
মিয়ামি আন্তর্জাতিক মিয়ামিতে রানওয়ে ছাড়িয়ে কার্গো বিমান, নিহত ৫
5 hours ago
2.4 K Views
0 comments


যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে ছাড়িয়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে অ্যামাজনের একটি কার্গো বিমান। বিমানটি রানওয়ের বাইরে গিয়ে একাধিক গাড়িতে আঘাত করার পর আগুন ধরে যায়। এতে অন্তত পাঁচজন নিহত এবং আরও পাঁচজন আহত হয়েছেন।


রবিবার স্থানীয় সময় দুপুর ২টার কিছু আগে অ্যামাজনের প্রাইম এয়ারের ফ্লাইট ৭৫৯৮ দুর্ঘটনায় পড়ে। বোয়িং ৭৬৭-৩০০ উড়োজাহাজটি পুয়ের্তো রিকোর সান জুয়ান থেকে মিয়ামির উদ্দেশে যাত্রা করেছিল। অবতরণের সময় সেটি রানওয়ে ছাড়িয়ে পাশের এলাকায় চলে যায় এবং কয়েকটি গাড়িতে ধাক্কা দেয়।


মিয়ামি-ডেড কাউন্টির মেয়র ড্যানিয়েলা লেভিন কাভা পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। আহত পাঁচজনের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। তাদের ট্রমা সেন্টারে নেওয়া হয়েছে; বাকি দুজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।


দুর্ঘটনার পর উড়োজাহাজটিতে আগুন ধরে যায়। ঘটনাস্থলে কালো ধোঁয়া ও আগুনের শিখা দেখা যায়। উদ্ধারকাজে ৬০টির বেশি ফায়ার-রেসকিউ ইউনিট কাজ করে। উড়োজাহাজটিতে থাকা দুই পাইলটও দুর্ঘটনার পর কিছু সময় ককপিটে আটকে ছিলেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।


দুর্ঘটনার পর মিয়ামি বিমানবন্দরের রানওয়ে ও ট্যাক্সিওয়ে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। এতে বিপুলসংখ্যক ফ্লাইটে বিলম্ব ও বাতিলের আশঙ্কা তৈরি হয়। পরে বিমানবন্দরের কিছু রানওয়ে আবার চালু করা হয়।


ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হবে। উড়োজাহাজটি অ্যামাজনের হলেও এটি পরিচালনা করছিল কার্গো এয়ারলাইন ২১ এয়ার। অ্যামাজনও দুর্ঘটনার কারণ জানতে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে কাজ করার কথা জানিয়েছে।


এখন পর্যন্ত নিহতদের পরিচয় প্রকাশ করা হয়নি। দুর্ঘটনার প্রকৃত কারণও নিশ্চিত হওয়া যায়নি।

Comments 0

Your Comment