মিয়ানমারে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৫৫
6 hours ago
4.1 K
Views
0
like
share
মিয়ানমারের বিদ্রোহী নিয়ন্ত্রিত একটি অঞ্চলের গ্রামে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৫৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় বহু মানুষ আহত হয়েছেন। সোমবার (১ জুন) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, চীনের সীমান্তের কাছে শান রাজ্যের নামখাম টাউনশিপের কাউং টাট গ্রামে বিস্ফোরণে ঘটনাটি ঘটে। ঘটনাস্থলের একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, নিহতদের মধ্যে ২৫ জন নারী ও ৩০ জন পুরুষ রয়েছেন। তবে অন্যান্য সূত্রে নিহতের সংখ্যা কিছুটা ভিন্নভাবে উল্লেখ করা হয়েছে। রবিবার বিস্ফোরণের পরপরই গ্রামের ওপর বিশাল ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। বিদ্রোহী গোষ্ঠী তা'আং ন্যাশনাল লিবারেশন আর্মি (টিএনএলএ) জানিয়েছে, খনির কাজে ব্যবহারের জন্য মজুত রাখা উপকরণের আকস্মিক বিস্ফোরণে এই হতাহতের ঘটনা ঘটেছে। চীন সীমান্তসংলগ্ন গ্রামটি বর্তমানে টিএনএলএ-র নিয়ন্ত্রণে রয়েছে। টিএনএলএ মায়ানমারের সামরিক সরকারের বিরুদ্ধে লড়াই করা অন্যতম শক্তিশালী জাতিগত সশস্ত্র গোষ্ঠী। ফরাসি বার্তা সংস্থা এএফপির বরাতে টিএনএলএ জানায়, স্থানীয় সময় রবিবার দুপুর ১২টার দিকে এই ‘দুর্ঘটনাজনিত বিস্ফোরণ’ ঘটে। টিএনএলএ তাদের বিবৃতিতে জানায়, “এই বিস্ফোরণের ফলে বহু স্থানীয় বাসিন্দা প্রাণ হারিয়েছেন, অনেকে আহত হয়েছেন এবং তাদের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।” তবে তারা এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি। ঘটনাস্থলের ভিডিও ফুটেজে দেখা গেছে, বিস্ফোরণের ফলে সৃষ্টি হয়েছে বিশাল গর্ত, চারপাশে ভেঙে পড়া ভবন, পোড়া ধ্বংসাবশেষ এবং ধোঁয়া ওঠা গাছপালা ছড়িয়ে রয়েছে।