blog-img
মিনিয়াপোলিসে বন্দুক হামলায় একজন নিহত, দুই পুলিশসহ আহত ৫
40 minutes ago
2.6 K Views
0 comments

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরের কেন্দ্রীয় এলাকায় বন্দুক হামলায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন, যাদের মধ্যে দুইজন পুলিশ কর্মকর্তা রয়েছেন। স্থানীয় সময় বুধবার বিকেলে এ হামলার ঘটনা ঘটে।


কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সিএনএন। পুলিশ জানায়, স্থানীয় সময় বিকেল ৫টা ৪৫ মিনিটের দিকে কেন্দ্রীয় মিনিয়াপোলিসে বন্দুক হামলার খবর পাওয়া যায়। খবর পেয়ে কয়েক ডজন পুলিশের গাড়ি এবং বিপুলসংখ্যক সদস্য ঘটনাস্থলে পৌঁছান। তবে ওই এলাকার আশপাশে পথচারীদের চলাচল পুরোপুরি বন্ধ করা হয়নি।


হামলার পর আহত ছয়জনকে হেনেপিন কাউন্টি মেডিক্যাল সেন্টারে নেওয়া হয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, তাঁদের মধ্যে একজন মারা গেছেন। এর আগে পুলিশ জানিয়েছিল, হামলায় একাধিক ব্যক্তি হতাহত হয়েছেন এবং আহতদের মধ্যে দুইজন পুলিশ কর্মকর্তা রয়েছেন। ঘটনার পর নিরাপত্তার স্বার্থে পুলিশ ১৫ ইস্ট গ্রান্ট স্ট্রিট ও এর আশপাশের এলাকা এড়িয়ে চলার জন্য সাধারণ মানুষকে অনুরোধ করে।


হামলার ঘটনাস্থলের আশপাশে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। এর মধ্যে আবাসিক ভবন, মিনিয়াপোলিস কনভেনশন সেন্টার, কয়েকটি হোটেল এবং একটি হাসপাতাল রয়েছে। নিরাপত্তার কারণে কাছাকাছি সেন্ট থমাস বিশ্ববিদ্যালয়ের মিনিয়াপোলিস ক্যাম্পাসও বন্ধ করে দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের এক মুখপাত্র জানান, অতিরিক্ত সতর্কতার অংশ হিসেবেই ক্যাম্পাস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


মিনেসোটার গভর্নর টিম ওয়ালজ বলেন, তার জননিরাপত্তা দল ঘটনাটি নিয়ে কাজ করছে এবং রাজ্য সরকারের কর্মকর্তারাও ঘটনাস্থলে রয়েছেন। পরে ফেসবুকে দেওয়া এক পোস্টে ওয়ালজ জানান, মিনিয়াপোলিসের কেন্দ্রীয় এলাকায় মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন। জরুরি সেবাকর্মীদের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।


বন্দুক হামলার পর স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সংস্থার সদস্যরাও ঘটনাস্থলে কাজ শুরু করেন। অ্যালকোহল, তামাক, আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরকবিষয়ক ব্যুরো (এটিএফ) জানায়, এলাকায় সক্রিয় বন্দুকধারীর খবর পাওয়ার পর তাদের বিশেষ এজেন্টরা ঘটনাস্থলে পৌঁছে কাজ করছেন।


ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)ও মিনিয়াপোলিসের বন্দুক হামলার বিষয়ে অবগত থাকার কথা জানিয়েছে। সংস্থাটির সদস্যরা স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করছেন। এফবিআই পরিচালক কাশ প্যাটেল বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জড়িত থাকার এই বন্দুক হামলার বিষয়ে এফবিআই জানে। স্থানীয় কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।

Comments 0

Your Comment