ভেনেজুয়েলার পাশে দাঁড়াতে বিশ্বকে আহ্বান জাতিসংঘের
5 hours ago
2.9 K
Views
0
like
share
ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় দ্রুত আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির অভিবাসনবিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের (আইওএম) মহাপরিচালক অ্যামি পোপ বলেছেন, ক্ষতিগ্রস্ত হাজারো মানুষের প্রয়োজন নিরূপণ এবং জরুরি সহায়তা সমন্বয়ে কাজ শুরু করেছে তাদের সংস্থা।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় অ্যামি পোপ বলেন, “ভেনেজুয়েলা থেকে অত্যন্ত হৃদয়বিদারক খবর আসছে। অল্প সময়ের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে বহু মানুষের প্রাণহানি হয়েছে, অনেকে আহত হয়েছেন এবং অসংখ্য মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।”
তিনি আরও বলেন, “এই পরিস্থিতি মোকাবিলায় দ্রুত আন্তর্জাতিক সহায়তা অত্যন্ত জরুরি।”
আইওএম জানিয়েছে, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের জরুরি চাহিদা, আশ্রয়, চিকিৎসা এবং মানবিক সহায়তার প্রয়োজনীয়তা মূল্যায়নে সংস্থাটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করছে।
উল্লেখ্য, লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলায় গত এক শতাব্দীর মধ্যে সবচেয়ে শক্তিশালী জোড়া ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার এই ভূমিকম্পে রাজধানী কারাকাসসহ দেশের বিস্তীর্ণ এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞের ঘটনা ঘটেছে। দেশটির অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত অন্তত ১৬৪ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন ৯৭১ জন। ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকা পড়ে থাকায় প্রাণহানির সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।