ভারী বৃষ্টিতে গিনিতে আবর্জনার স্তূপ ধসে নিহত ৩০
19 hours ago
3.1 K
Views
0
like
share
পশ্চিম আফ্রিকার দেশ গিনির রাজধানী কোনাক্রিতে ভারী বৃষ্টির পর আবর্জনার বিশাল স্তূপ ধসে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২২ জন। আহতদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
রবিবার ভোররাতে কোনাক্রির গবেসিয়া এলাকার দার-এস-সালাম বর্জ্যভাগাড়ে এ দুর্ঘটনা ঘটে। কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, রাতভর ভারী বৃষ্টির পর বর্জ্যের স্তূপের একটি বড় অংশ ধসে আশপাশের ঘরবাড়ি ও বসতিতে গিয়ে পড়ে। এতে বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন।
দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি ও উদ্ধারকাজ শুরু করে। ধ্বংসস্তূপের নিচে আরও কেউ আটকা পড়ে আছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার আগেই ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে অনেক পরিবার সেই নির্দেশ উপেক্ষা করে সেখানে অবস্থান করছিল। দুর্ঘটনার পর ওই এলাকার অবশিষ্ট বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
দার-এস-সালাম কোনাক্রির অন্যতম বড় উন্মুক্ত বর্জ্য ফেলার স্থান। দীর্ঘদিন ধরেই এর নিরাপত্তা নিয়ে উদ্বেগ ছিল। বিশেষ করে ভারী বৃষ্টির সময় বর্জ্যের স্তূপ ধসে পড়ার ঝুঁকি আরও বেড়ে যায়।