ভারতে পুলিশ ভ্যান আটকে দিয়ে আলোচনায় এক নারী
1 day ago
4.8 K
Views
0
like
share
পরীক্ষার অনিয়ম ও প্রশ্নফাঁসের অভিযোগে উত্তাল ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাই। এই ছাত্র আন্দোলনের মাঝেই নজিরবিহীন ও সাহসী দৃশ্যের সাক্ষী হলো শহরটি। বিক্ষোভকারী শিক্ষার্থীদের বহনকারী একটি পুলিশ ভ্যানের সামনে সশরীরে দাঁড়িয়ে পথ আটকে দেন এক তরুণী। প্রবল বৃষ্টির মধ্যে হুডি ও ক্যাপ পরা অবস্থায় গাড়িটির সামনে দাঁড়িয়ে তার প্রতিবাদের দৃশ্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। রাতারাতি চর্চার কেন্দ্রে উঠে আসা এই তরুণীর পরিচয় মিলেছে; তিনি মুম্বাইয়ের পরিচিত মডেল, অভিনেত্রী ও উদ্যোক্তা রিয়া যাদব। তার এই দৃঢ় অবস্থানের কারণেই আটক বেশ কয়েকজন আন্দোলনকারীকে ছেড়ে দিতে বাধ্য হয় পুলিশ।
ঘটনাটি ঘটেছে মুম্বাইয়ের দাদারের শিবাজী পার্ক সংলগ্ন এলাকায়। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে এবং ককরোচ জনতা পার্টি' সিজিপি’র ছাত্র আন্দোলনের সমর্থনে সেখানে বিক্ষোভে ফেটে পড়েছিলেন শিক্ষার্থীরা। পুলিশ যখন আন্দোলনকারীদের আটক করে প্রিজন ভ্যানে তুলছিল, ঠিক তখনই অনড় ভঙ্গিতে গাড়ির পথ আটকে দাঁড়ান রিয়া। পরবর্তীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রিয়া স্পষ্ট ভাষায় জানান, পুলিশ দায়িত্বশীলতার সঙ্গে নিজের কাজ করছে না।
অভিনয় ও মডেলিং জগতের পাশাপাশি একজন তরুণ উদ্যোক্তা হিসেবেও পরিচিতি রয়েছে রিয়া যাদবের। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে প্রায় এক লাখ অনুসারী রয়েছে তাঁর। সাম্প্রতিক সময়ে ‘দিলবারা’ নামের একটি জনপ্রিয় মিউজিক ভিডিওতে অভিনয় করে নজর কেড়েছিলেন তিনি। এছাড়া হস্তনির্মিত পোশাক ব্র্যান্ড ‘রিয়াসাত’-এর প্রতিষ্ঠাতা ও স্বত্বাধিকারী তিনি।