ব্রাজিলের প্রেসিডেন্ট লুলাকে ‘চোর’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট
19 hours ago
4.3 K
Views
0
like
share
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভাকে লক্ষ্য করে অবমাননাকর মন্তব্য করেছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ার মিলেই। এ ঘটনার জেরে আর্জেন্টিনায় নিযুক্ত নিজেদের রাষ্ট্রদূতকে তলব করে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে ব্রাজিল। দুই দেশের মধ্যে নতুন করে কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে।
শনিবার ব্রাজিলের সাঁও পাওলোতে এক রাজনৈতিক সমাবেশে বক্তব্য দেন মিলেই। আগামী অক্টোবরে অনুষ্ঠিত হতে যাওয়া প্রেসিডেন্ট নির্বাচনে ডানপন্থী প্রার্থী ফ্লাভিও বলসোনারোর প্রচারণার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি লুলার নাম উল্লেখ না করলেও তাকে ইঙ্গিত করে চোর ও দণ্ডপ্রাপ্ত অপরাধী বলে মন্তব্য করেন। তার এই মন্তব্য ২০২২ সালের আগে দুর্নীতির মামলায় লুলার কারাবাসের প্রসঙ্গকে ইঙ্গিত করে করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, মিলেই ব্রাজিলের সুপ্রিম কোর্টের বিচারপতি আলেকজান্দ্রে দে মোরায়েসকেও কটূক্তি করেন। এই বিচারপতি সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর বিচার কার্যক্রম তদারকি করেছিলেন। সম্প্রতি গৃহবন্দী বলসোনারোর সঙ্গে মিলেইয়ের সাক্ষাতের অনুমতিও তিনি দেননি।
এএফপির বরাতে নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্রাজিলীয় কূটনীতিক বলেন, মিলেইয়ের বক্তব্য ব্রাজিল সরকার, জনগণ ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে অপমান করেছে।
রবিবার এক অনুষ্ঠানে লুলা সরাসরি মিলেইয়ের নাম না নিয়ে বলেন, ব্রাজিলে অন্য কোনো দেশের নেতা এসে দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাক, তা কখনোই মেনে নেওয়া হবে না।
বিশ্লেষকদের মতে, দক্ষিণ আমেরিকার দুই বৃহৎ অর্থনীতি ও প্রধান বাণিজ্য অংশীদার ব্রাজিল ও আর্জেন্টিনার কূটনৈতিক সম্পর্ক বর্তমানে সাম্প্রতিক সময়ের অন্যতম টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে।