ফিলিপাইনে ভূমিকম্পে নিহত বেড়ে ৩৫, বাস্তুচ্যুত প্রায় ১০ হাজার পরিবার
11 hours ago
1.6 K
Views
0
like
share
দক্ষিণ ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে আঘাত হানা ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৩৫ জনে পৌঁছেছে। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৩৪ জন। পাশাপাশি প্রায় ১০ হাজার পরিবার বাস্তুচ্যুত হয়েছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন। সোমবার স্থানীয় সময় সকাল ৭টা ৩৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। কম্পনের পরপরই ফিলিপাইন, ইন্দোনেশিয়া, জাপান ও অস্ট্রেলিয়ায় সুনামি সতর্কতা জারি করা হয়। তবে কয়েক ঘণ্টা পর সেই সতর্কতা প্রত্যাহার করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ভূমিকম্পের পর প্রকাশিত বিভিন্ন ছবি ও ভিডিওতে একাধিক ভবন ধসে পড়ার দৃশ্য দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে একটি জোলিবি ফাস্টফুড রেস্তোরাঁকে সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হতে দেখা যায়। এছাড়া কয়েকটি এলাকায় ভূমিধসের ঘটনাও ঘটেছে। ফিলিপাইনের সিভিল ডিফেন্স অফিসের সর্বশেষ তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে ৩১ জন সোকসারগেন অঞ্চলের এবং চারজন দাভাও অঞ্চলের বাসিন্দা। উল্লেখ্য, ফিলিপাইনের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ মিন্দানাওয়ে প্রায় ২ কোটি ৬০ লাখ মানুষের বসবাস। তবে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এখনও হতাহতদের প্রকৃত সংখ্যা যাচাই করছে। আগামী কয়েক দিনের মধ্যে এ বিষয়ে হালনাগাদ আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হতে পারে।