blog-img
পাকিস্তানে বিস্ফোরণে সাত পুলিশ নিহত
1 hour ago
3.4 K Views
0 comments
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের লাক্কি মারওয়াতে টহলরত একটি পুলিশের গাড়িতে বিস্ফোরণে সাতজন নিহত হয়েছেন। শুক্রবার (১৩ মার্চ) স্থানীয় কর্তৃপক্ষের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানায় সামা টিভি। কর্তৃপক্ষ জানিয়েছে, লাক্কি মারওয়াত এলাকায় টহলরত একটি পুলিশ গাড়ির কাছে বিস্ফোরণের ঘটনায় স্টেশন হাউস অফিসার (এসএইচও)-সহ সাতজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। পুলিশ সূত্রে জানা যায়, এলাকায় নিয়মিত টহল দেওয়ার সময় পুলিশ সদস্যদের লক্ষ্য করে এই বিস্ফোরণ ঘটানো হয়। জেলা পুলিশ কর্মকর্তা (ডিপিও) জানান, লাক্কি মারওয়াতে একটি পুলিশ গাড়ির কাছে বিস্ফোরণটি ঘটে। নিয়মিত টহল কার্যক্রম চলাকালে গাড়িটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়, যার ফলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মধ্যে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। শক্তিশালী বিস্ফোরণে গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং কয়েকজন পুলিশ সদস্য নিহত হন। বিস্ফোরণে নিহত পুলিশ সদস্যদের নাম প্রকাশ করেছে কর্তৃপক্ষ। তারা হলেন—এসএইচও সদর আজম, কনস্টেবল শাহ বাহরাম, কনস্টেবল শাহ খালিদ, কনস্টেবল হাজি মুহাম্মদ, কনস্টেবল গুলজাদা ও কনস্টেবল সাখি জাদা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ হামলার তদন্ত শুরু করেছে। বিস্ফোরণের ধরন এবং কারা এ হামলার সঙ্গে জড়িত তা খতিয়ে দেখছে নিরাপত্তা সংস্থাগুলো। এদিকে, লাক্কি মারওয়াতে পুলিশ গাড়ির কাছে ‘সন্ত্রাসী হামলা’র তীব্র নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি নিহত পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে হামলায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, পুলিশ ও নিরাপত্তা বাহিনীর আত্মত্যাগ কখনোই বৃথা যাবে না। দেশ থেকে সন্ত্রাসবাদ সম্পূর্ণ নির্মূল করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলেও তিনি পুনর্ব্যক্ত করেন।

Comments 0

Your Comment