blog-img
পাকিস্তানে বরযাত্রীবাহী অটোরিকশা খালে, নিহত ১২
6 hours ago
2.2 K Views
0 comments
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কোট আদ্দু জেলায় বরযাত্রীবাহী একটি অটোরিকশা খালে পড়ে ছয় শিশুসহ অন্তত ১২ জন নিহত হয়েছেন। সোমবার (১০ আগস্ট) রাতে মুজাফফরগড় খালে এ দুর্ঘটনা ঘটে। পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানিয়েছে, তিনটি অটোরিকশায় করে বরযাত্রীরা লোমার ওয়ালা থেকে বাসিত আরিনের দিকে যাচ্ছিলেন। অটোরিকশাগুলোতে ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী ছিলেন। পথে অতিরিক্ত গতির কারণে একটি অটোরিকশার চালক নিয়ন্ত্রণ হারালে সেটি মুজাফফরগড় খালে পড়ে যায়। দুর্ঘটনার সময় ওই অটোরিকশায় ২৪ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে তিনজন সাঁতরে তীরে উঠে স্থানীয়দের দুর্ঘটনার খবর দেন। খবর পেয়ে উদ্ধারকারী দল ও স্থানীয় বাসিন্দারা রাতভর উদ্ধার অভিযান চালান। প্রাথমিকভাবে ছয়জনকে জীবিত উদ্ধার করা হয় এবং তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারকারী দলের ইনচার্জ ওসামা জিসান জানান, মঙ্গলবার আরও নয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়িয়েছে। তবে এখনো কয়েকজন নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকারীরা জানান, দুর্ঘটনাস্থল থেকে প্রায় ২০ কিলোমিটার দূরেও একজনের মরদেহ পাওয়া গেছে। এ ছাড়া ঘটনাস্থল থেকে ৫, ৭ ও ১৫ কিলোমিটার দূর থেকেও কয়েকজন বরযাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়দের তথ্য অনুযায়ী, খালটির গভীরতা প্রায় ১৫ থেকে ২০ ফুট এবং প্রস্থ ১০০ থেকে ১২০ ফুট। আশপাশের কৃষিজমিতে সেচের জন্য এই খালের পানি ব্যবহার করা হয়।

Comments 0

Your Comment