নৌ অবরোধ: হরমুজে কয়টি জাহাজ ফিরিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র?
9 hours ago
2.1 K
Views
0
like
share
সোমবার থেকে হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ কার্যকর হওয়ার পর কোনও জাহাজই এই অবরোধ ভেঙে পার হতে পারেনি বলে দাবি করেছে মার্কিন সামরিক বাহিনী। মার্কিন বাহিনীর ভাষ্য, ইরানের উপকূলে যাতায়াতকারী জাহাজগুলোকে তারা আটকাবে বা ফিরিয়ে দেবে; তবে ইরান ছাড়া অন্য দেশগুলোর জন্য যাতায়াতকারী জাহাজগুলোকে প্রণালী দিয়ে চলাচলের অনুমতি দেওয়া হবে। বুধবার দিবাগত রাতের এক হালনাগাদ তথ্যে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানায়, সোমবার যুক্তরাষ্ট্রের অবরোধ শুরুর পর প্রথম ৪৮ ঘণ্টায় ১০টি জাহাজকে ঘুরিয়ে দেওয়া হয়েছে এবং কোনও জাহাজই অবরোধ ভেঙে যেতে পারেনি। ডোনাল্ড ট্রাম্পের লক্ষ্য, হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতের জন্য জাহাজগুলোর কাছ থেকে ইরান যে অর্থ আদায় করতে চাইছিল, তা বন্ধ করে দেশটির ওপর চাপ সৃষ্টি করা এবং একই সঙ্গে ইরানের তেল রফতানি কমিয়ে দেওয়া। ইরান এই অবরোধকে ‘দস্যুতা’ বলে আখ্যা দিয়েছে এবং এর প্রতিশোধ হিসেবে পারস্য উপসাগর, ওমান উপসাগর ও লোহিত সাগরে নৌ চলাচল লক্ষ্যবস্তু করার হুমকি দিয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বুধবার জানায়, “ইরানি পতাকাবাহী একটি কার্গো জাহাজ বন্দর আব্বাস (ইরান) ছাড়ার পর মার্কিন অবরোধ এড়ানোর চেষ্টা করেছিল… গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস স্প্রুয়ান্স সফলভাবে জাহাজটিকে অন্যদিকে ঘুরিয়ে দেয়।”