blog-img
নিউইয়র্কে ড্রাই ডকে বিস্ফোরণে একজন নিহত, আহত ৩৬
10 hours ago
2 K Views
0 comments
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের স্টেটেন আইল্যান্ডের একটি ড্রাই ডকে বিস্ফোরণে একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। ভয়াবহ এই বিস্ফোরণে কমপক্ষে ৩৬ জন আহত হয়েছেন। আটকে পড়া মানুষদের উদ্ধার এবং আগুন নেভানোর কাজ করার সময় বিস্ফোরণের ঘটনাটি ঘটে। কর্মকর্তারা জানিয়েছেন, স্টেটেন আইল্যান্ড বরোর রিচমন্ড টেরেস এলাকার একটি বেসমেন্টে প্রথমে আগুন লাগে এবং সেখানে দুইজন কর্মী আটকে পড়েন। এই খবর পেয়ে দমকলকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। কিন্তু উদ্ধার অভিযান চলাকালীন সময়েই হঠাৎ সেখানে এক শক্তিশালী বিস্ফোরণ ঘটে। জীবনের ঝুঁকি নিয়ে উদ্ধারকর্মীরা আটকে পড়া দুইজনকে উদ্ধারের চেষ্টা চালান। বিস্ফোরণে আহতদের মধ্যে দুই দমকলকর্মীর অবস্থা বেশ আশঙ্কাজনক। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে একজন ফায়ার মার্শাল রয়েছেন, যার কানের পাশের হাড় ভেঙে গেছে এবং মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় তাকে কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের (ইন্টুবেশন) মাধ্যমে রাখা হয়েছে। অন্য দমকলকর্মীর অবস্থাও গুরুতর, তবে চিকিৎসকেরা জানিয়েছেন তার অবস্থা কিছুটা উন্নতির দিকে। নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি সাংবাদিকদের বলেন, এটি একটি অত্যন্ত জটিল ও দ্রুত পরিবর্তনশীল জরুরি পরিস্থিতি ছিল। উদ্ধারকর্মীরা বরাবরের মতোই নিজেদের জীবনের তোয়াক্কা না করে বিপদের দিকে ছুটে গিয়েছিলেন, যাতে অন্যরা নিরাপদে ফিরতে পারে। নিহত ব্যক্তি একজন বেসামরিক নাগরিক বলে নিশ্চিত করা হলেও তার পরিচয় বা বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করেনি কর্তৃপক্ষ। মেয়র মামদানি জানিয়েছেন, দুর্ঘটনাস্থলের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পরপরই এই বিস্ফোরণের প্রকৃত কারণ উদঘাটনে একটি বিস্তারিত ও আনুষ্ঠানিক তদন্ত শুরু হবে।

Comments 0

Your Comment