দুই সপ্তাহে প্রথম, ইরানে নতুন হামলার ঘোষণা নেই মার্কিন বাহিনীর
13 hours ago
3.9 K
Views
0
like
share
প্রায় দুই সপ্তাহ ধরে টানা বিমান হামলা চালানোর পর প্রথমবারের মতো ইরানে নতুন কোনও সামরিক অভিযান চালানোর ঘোষণা দেয়নি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। এতে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের গতিপ্রকৃতি নিয়ে নতুন করে জল্পনা তৈরি হয়েছে।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) শুক্রবার ইরানের বিরুদ্ধে কোনও নতুন হামলার ঘোষণা দেয়নি। এর আগে টানা ১৩ রাত ধরে সংস্থাটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) জানিয়ে আসছিল যে, তারা ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা ও লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে।
শুক্রবার যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় (ইস্টার্ন টাইম) অনুযায়ী দিনের শেষ পর্যন্ত সেন্টকমের পক্ষ থেকে এ ধরনের কোনও ঘোষণা দেওয়া হয়নি। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের টাম্পায় সেন্টকমের সদর দফতর অবস্থিত এবং তারা ইস্টার্ন টাইম অনুসরণ করে।
তবে শুক্রবার সেন্টকম আদৌ ইরানে কোনও সামরিক অভিযান পরিচালনা করেছে কি না, তা রিপোর্ট লেখা পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে মন্তব্য জানতে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন সেন্টকমের সঙ্গে যোগাযোগ করেছে। তবে তাৎক্ষণিকভাবে কোনও প্রতিক্রিয়াও পাওয়া যায়নি।
অন্যদিকে, স্থানীয় সময় শনিবার সকাল পর্যন্ত ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমেও রাতভর দেশটির কোথাও নতুন করে হামলা বা বিস্ফোরণের কোনও খবর প্রকাশ করা হয়নি।
যদিও নতুন হামলার ঘোষণা অনুপস্থিত, তবুও ওয়াশিংটন বা তেহরানের পক্ষ থেকে সংঘাত কমানোর বিষয়ে আনুষ্ঠানিক কোনও ঘোষণা আসেনি। ফলে এটি সাময়িক বিরতি নাকি কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত- তা এখনও স্পষ্ট নয়। পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন সংশ্লিষ্ট বিশ্লেষকরা।