blog-img
গুঞ্জনের অবসান, খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে প্রকাশ্যে এলেন আইআরজিসি প্রধান
15 hours ago
3.6 K Views
0 comments
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শেষ শ্রদ্ধা জানাতে প্রথমবারের মতো জনসমক্ষে দেখা দিয়েছেন দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) প্রধান জেনারেল আহমাদ ভাহিদি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তিনি জনসমক্ষে অনুপস্থিত ছিলেন। খবর সিএনএনের। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, বৃহস্পতিবার রাতে তেহরানে খামেনির মরদেহ ঘিরে আয়োজিত বিশেষ শোকানুষ্ঠানে কফিনের পাশে বসে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন ভাহিদি। এ সময় তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। এ ছাড়া খামেনির জানাজা ও দাফনের আনুষ্ঠানিকতা নিয়ে পার্লামেন্টের স্পিকার বাঘের ঘালিবাফ এবং অন্য জ্যেষ্ঠ কর্মকর্তাদের অংশগ্রহণে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকেও উপস্থিত ছিলেন তিনি। গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় তৎকালীন আইআরজিসি প্রধান মোহাম্মদ পাকপুর নিহত হলে বাহিনীর শীর্ষ পদের দায়িত্ব গ্রহণ করেন ভাহিদি। তবে দায়িত্ব নেওয়ার পর থেকে তাকে আর প্রকাশ্যে দেখা যায়নি। এ কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুর গুঞ্জন ছড়িয়ে পড়ে। খামেনির প্রতি শেষ শ্রদ্ধা জানাতে তার প্রকাশ্য উপস্থিতির মধ্য দিয়ে সেই গুঞ্জনের অবসান ঘটেছে।

Comments 0

Your Comment