কলকাতায় পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও, দুপুরে যাবেন দিল্লি
14 hours ago
3.5 K
Views
0
like
share
পশ্চিমবঙ্গে ক্ষমতা বদলের পর চার দিনের ভারত সফরের অংশ হিসেবে কলকাতায় পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। শনিবার সকালে স্ত্রীকে সঙ্গে নিয়ে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। বিমানবন্দর থেকে সরাসরি কলকাতার তালতলায় অবস্থিত মিশনারিজ অব চ্যারিটি-এর সদর দপ্তর ‘মাদার হাউস’-এ যান রুবিও। সেখানে কিছু সময় অবস্থান করার পর দুপুরে দিল্লির উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে তার। এছাড়াও দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-এর সঙ্গে বৈঠকে অংশ নেবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি বাণিজ্য, প্রযুক্তি, প্রতিরক্ষা ও মিত্র জোটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হওয়ার কথা রয়েছে। ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিয়ো গোর সামাজিক যোগাযোগমাধ্যমে রুবিওর কলকাতা সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এটিই মার্কো রুবিওর প্রথম ভারত সফর এবং এ সফরকে ঘিরে দুই দেশের সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে। প্রায় ১৪ বছর পর কোনো মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পশ্চিমবঙ্গ সফর করলেন। এর আগে ২০১২ সালের মে মাসে তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন কলকাতা সফর করেছিলেন। তবে এবার কলকাতায় রুবিওর অন্য কোনো কর্মসূচি রয়েছে কি না, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। ধারণা করা হচ্ছে, মাদার হাউসের কর্মসূচি শেষে সেখান থেকেই সরাসরি বিমানবন্দরের উদ্দেশে রওনা দেবেন তিনি। জানা গেছে, আগামী ২৬ মে পর্যন্ত ভারত সফরে থাকবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এ সময় দিল্লির পাশাপাশি আগ্রা, জয়পুরের মত বেশ কয়েকটি শহরে দর্শনীয় স্থান পরিদর্শন করবেন তিনি।