একদিনেই হরমুজ পার হয় ৩৭ জাহাজ
7 hours ago
4.7 K
Views
0
like
share
মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যেই পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। রুশ সংবাদ সংস্থা তাসের এক প্রতিবেদন বলা হয়েছে, গত সপ্তাহের শেষ দুই দিনে ৪০টিরও বেশি বাণিজ্যিক জাহাজ এই প্রণালী অতিক্রম করেছে। জাহাজ চলাচলের গতিবিধি পর্যবেক্ষণকারী সিস্টেমগুলোর তথ্য বিশ্লেষণ করে সংস্থাটি জানিয়েছে, গত ১৮ এপ্রিল শনিবার এক দিনেই রেকর্ডসংখ্যক ৩৭টি জাহাজ এই জলপথ পাড়ি দিয়েছে। গত ১৪ এপ্রিল মাত্র ১৬টি জাহাজ চলাচলের যে পূর্ববর্তী রেকর্ড ছিল, শনিবারের সংখ্যাটি তাকে বিশাল ব্যবধানে ছাড়িয়ে গেছে। এছাড়া ১৯ এপ্রিল রবিবার এই পথ পুনরায় বন্ধের ঘোষণা আসার আগ পর্যন্ত আরও আটটি জাহাজ নিরাপদে পার হতে সক্ষম হয়। সম্প্রতি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালী খুলে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। তবে এই ঘোষণার পরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়ে দেন, একটি চূড়ান্ত সমঝোতায় না পৌঁছানো পর্যন্ত ইরানের ওপর নৌ-অবরোধ অব্যাহত রাখবে ওয়াশিংটন। ট্রাম্পের এই বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে দেরি করেনি তেহরানও। ইরানের বিশেষ সামরিক বাহিনী ইসলামি রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) পাল্টা ঘোষণায় জানিয়েছে, মার্কিন নৌ-অবরোধ পুরোপুরি প্রত্যাহার না হওয়া পর্যন্ত তারা পুনরায় এই প্রণালী বন্ধ করে দিয়েছে।