ইসরায়েলের সঙ্গে কোনো নিরাপত্তা চুক্তি হয়নি, দাবি সিরিয়ার
7 hours ago
2.1 K
Views
0
like
share
ইসরায়েলের সঙ্গে নির্দিষ্ট কোনো নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সিরিয়ার কোনো চুক্তি হয়নি বলে দাবি করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ইসরায়েলের পক্ষ থেকে এ ধরনের চুক্তির যে দাবি করা হয়েছে, তা ‘মিথ্যা’ বলেও মন্তব্য করেছে দামেস্ক।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কূটনৈতিক সূত্র আল জাজিরাকে জানিয়েছে, ইসরায়েল আবু আল-দুহুর সামরিক বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে। অথচ হামলার আগে ইসরায়েলকে জানানো হয়েছিল, ওই ঘাঁটিতে কোনো বিদেশি বাহিনী উপস্থিত নেই। তবে এই তথ্য ইসরায়েলকে কখন বা কোন মাধ্যমে জানানো হয়েছিল, তা স্পষ্ট করেনি সূত্রটি।
সিরীয় সূত্রটি আরও বলেছে, ‘বেসামরিক ও সামরিক প্রতিষ্ঠান গড়ে তোলার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে’ এমন কোনো চুক্তিতে সিরিয়া যেতে পারে না। একই সঙ্গে আঞ্চলিক স্থিতিশীলতা জোরদারে সিরিয়ার ভূমিকা সীমিত করে, এমন কোনো চুক্তিও দামেস্ক মেনে নেবে না।
এর আগে ইদলিব বিমানবন্দরে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে জাতিসংঘের মহাসচিব ও নিরাপত্তা পরিষদের সভাপতির কাছে চিঠি দিয়েছিল সিরিয়া। চিঠিতে সিরিয়ার ভূখণ্ড থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারেরও দাবি জানানো হয়।
ইসরায়েল হামলার বিষয়টি নিশ্চিত করেছে। দেশটির দাবি, তুরস্ক ওই সামরিক ঘাঁটিতে সেনা মোতায়েনের পরিকল্পনা করছে এমন ধারণা থেকেই বিমানঘাঁটিটিতে হামলা চালানো হয়েছে।