blog-img
ইসরায়েল-আমেরিকার হামলার মধ্যেই তেহরানের রাস্তা জনসমুদ্র
2 hours ago
4.4 K Views
0 comments
ইরানের ইসলামি বিপ্লবের নবনিযুক্ত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনির প্রতি সংহতি ও আনুগত্য প্রকাশ করতে সোমবার ইরানজুড়ে রাজপথে নেমে এসেছেন লাখ লাখ মানুষ। রাজধানী তেহরানসহ শিরায, কেরমান, আহওয়াজ, তাবরিজ, হামেদান এবং আরদাবিলের মতো প্রধান শহরগুলোতে এই বিশাল সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত হয়। তেহরানের এঙ্গেলার স্কয়ারে আয়োজিত প্রধান সমাবেশে অংশগ্রহণকারীরা ইরানের জাতীয় পতাকা হাতে নিয়ে সমবেত হন এবং সাম্রাজ্যবাদ বিরোধী নানা স্লোগান দেন। সমাবেশে অংশ নেওয়া সাধারণ মানুষ গণমাধ্যমকে জানান, তারা তাদের সদ্যপ্রয়াত নেতার শোককে শক্তিতে রূপান্তর করে নতুন নেতৃত্বের প্রতি পূর্ণ সমর্থন জানাতে এখানে এসেছেন। তারা অঙ্গীকার করেন যে, নতুন নেতার দিকনির্দেশনায় ইরানের ইসলামি বিপ্লবের লক্ষ্য বাস্তবায়নে তারা অবিচল থাকবেন। এর আগে গত রবিবার সন্ধ্যায় ইরানের ৮৮ জন শীর্ষ আলেমের সমন্বয়ে গঠিত বিশেষজ্ঞ পরিষদ ৫৬ বছর বয়সী আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনিকে দেশটির তৃতীয় সর্বোচ্চ নেতা হিসেবে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত করে। তিনি তার পিতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনির স্থলাভিষিক্ত হলেন। উল্লেখ্য যে, গত ২৮শে ফেব্রুয়ারি তেহরানে নিজ কার্যালয়ে ইসরায়েলি বিমান হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি শাহাদাতবরণ করেন। তার শাহাদাতের পর একটি অন্তর্বর্তীকালীন নেতৃত্ব পরিষদ দেশ পরিচালনা করছিল। সোমবারের এই সমাবেশে সাধারণ ইরানিরা দেশটির সশস্ত্র বাহিনীর সাম্প্রতিক প্রতিশোধমূলক অভিযানের প্রতিও পূর্ণ সমর্থন ব্যক্ত করেন। তারা সাফ জানিয়ে দেন, দেশের অবকাঠামোতে চালানো হামলা এবং সাধারণ মানুষ ও শিশুদের হত্যার প্রতিটি ফোঁটা রক্তের বদলা নেওয়া হবে। চলমান এই সংঘাতের মধ্যে নতুন নেতার নির্বাচন এবং জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ইরানের রাজনৈতিক স্থিতিশীলতা ও সংকল্পেরই বহিঃপ্রকাশ ঘটিয়েছে।

Comments 0

Your Comment