blog-img
ইরান ‘সঠিক চুক্তির’ জন্য এখনও প্রস্তুত নয়: ট্রাম্প
15 hours ago
3.7 K Views
0 comments
ইরান এখনো যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘সঠিক চুক্তি’ করতে প্রস্তুত নয় বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইরান যুদ্ধ পরিস্থিতি কীভাবে এগোয়, সেটিই এখন পর্যবেক্ষণ করছে ওয়াশিংটন। ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক বিকল্প সীমিত হয়ে গেছে এমনটা ভাবার কারণ নেই। ইরানের সঙ্গে কী ঘটতে যাচ্ছে, তা দেখার জন্যই আপাতত পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। ইরানের বিরুদ্ধে ইতিহাসের সবচেয়ে কঠোর আর্থিক নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের দাবি, এসব নিষেধাজ্ঞার মাধ্যমে ইরানের নেতৃত্বের ওপর সর্বোচ্চ অর্থনৈতিক চাপ সৃষ্টি করা হবে। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট আগামী সোমবার নিষেধাজ্ঞার বিস্তারিত তুলে ধরবেন বলে জানিয়েছেন। ট্রাম্প আরও বলেন, হরমুজ প্রণালির পুরো অঞ্চলেই যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ রয়েছে। তার ভাষায়, ইরান চুক্তি করতে চাইবে, তবে দেশটি এখনো তার দৃষ্টিতে ‘সঠিক চুক্তি’ করতে প্রস্তুত নয়। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা শুরুর আগে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের সরবরাহ হরমুজ প্রণালি দিয়ে চলাচল করত। যুদ্ধ ছয় মাসের কাছাকাছি পৌঁছালেও গুরুত্বপূর্ণ এই জলপথে জ্বালানি পরিবহনে বিঘ্ন অব্যাহত রয়েছে। ইরানের কাছে এখনো পর্যাপ্ত ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা রয়েছে, যার মাধ্যমে হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজ চলাচলে বাধা সৃষ্টি করা সম্ভব বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। যুদ্ধ শুরুর পর ইরান ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোতে হামলা চালায়। একই সময়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানে এবং ইসরায়েলের লেবানন অভিযানে হাজারো মানুষ নিহত ও লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

Comments 0

Your Comment