এখন আমি বলতে পারব, হলিউড স্টাইলে কাজ করেছি: জায়েদ খান
6 hours ago
1.8 K
Views
0
like
share
হলিউড স্টাইলে বড় আয়োজনের মিউজিক ভিডিও নিয়ে হাজির হচ্ছেন ঢালিউড অভিনেতা জায়েদ খান। ‘শিকারি’ শিরোনামের এই গানে প্রথমবারের মতো বড় পরিসরে মডেল হয়েছেন তিনি। গানটি আজ লুডু মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে।
দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন জায়েদ খান। সেখানে বিভিন্ন মঞ্চে অভিনয় ও নাচের মাধ্যমে আলোচনায় থাকা এই অভিনেতা এবার নতুন করে আলোচনায় এসেছেন ‘শিকারি’ মিউজিক ভিডিও নিয়ে।
গানটির শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে জায়েদ খান বলেন, স্পোর্টসকার, মোটরসাইকেল, রুশ মডেল ও হলিউড সিনেমার লোকেশনে শুটিং হয়েছে তাঁর গানের।
‘এই গান দেখে মানুষ হাসাহাসি করবে না, এটা নিশ্চিত। এত বড় আয়োজনে দেশের তেমন কেউ কাজ করেনি। যে কারণে আয়োজনের কথা শুনেই মিউজিক ভিডিও করতে রাজি হয়ে যাই। একদম হলিউড স্টাইলে শুটিং করা। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে আছি, হলিউড স্টাইলে কাজ না করাটা একটা অপ্রাপ্তি ছিল। এখন আমি বলতে পারব, হলিউড স্টাইলে কাজ করেছি। সেটা গান দেখলেই দর্শকেরা বুঝবেন’, বলেন জায়েদ।
জায়েদ জানান, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, ফিলাডেলফিয়াসহ বিভিন্ন লোকেশনে গানটির দৃশ্যধারণ হয়েছে। তাঁর ভাষ্য, একটি সিনেমার গানেও এত সময় দেওয়া হয় না। এমনকি এত সুন্দর লোকেশনে বাংলাদেশের সিনেমার শুটিংও হয় না।
তিনি বলেন, গানটি তাঁর জন্য নতুন অভিজ্ঞতা। প্রবাসী দর্শকের পাশাপাশি দেশের দর্শকেরাও গানটি পছন্দ করবেন বলে আশা করছেন তিনি।
‘শিকারি’ গানটি গেয়েছেন সজীব দাস ও সানজিদা রিমি। মিউজিক ভিডিওতে জায়েদ খানের সঙ্গে দেখা যাবে দেশি-বিদেশি সাতজন মডেলকে।
বাংলাদেশের ইয়াসমিন ছাড়াও ভিডিওটিতে অংশ নিয়েছেন যুক্তরাষ্ট্রের নিনা, মারিয়ানা এবং রাশিয়ার জুলিয়া, কারলা, কামিলা ও মিলানা।
গত মাসে গানটির দৃশ্যধারণ হয়েছে। এর কোরিওগ্রাফার ছিলেন রোহান বিল্লাল। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন বদরুদ্দোজা সাগর।