blog-img
ইরান নিয়ে ট্রাম্পের নতুন বার্তা, আলোচনার সম্ভাবনা ঘিরে ধোঁয়াশা
1 hour ago
3.8 K Views
0 comments
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো আলোচনা চলছে না এবং ভবিষ্যতে কোনো বৈঠকের সূচিও নির্ধারিত হয়নি বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর একদিন আগেই তার দূত ও জামাতা জ্যারেড কুশনার ওয়াশিংটন ও তেহরানের মধ্যে ‘অত্যন্ত ইতিবাচক ও সক্রিয় আলোচনা’ চলার কথা জানিয়েছিলেন। ফলে আলোচনার বিষয়ে মার্কিন প্রশাসনের বক্তব্যে নতুন করে ভিন্নতা দেখা দিয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো আলোচনা হচ্ছে না। একই সঙ্গে তিনি দাবি করেন, ইরানকে ঘিরে মার্কিন নৌ অবরোধ পুরোপুরি কার্যকর রয়েছে। পোস্টে হরমুজ প্রণালিকে ‘নিউ ইউএস টেরিটরি’ হিসেবে দেখানো একটি মানচিত্রও প্রকাশ করেন ট্রাম্প। প্রায় ছয় মাস ধরে চলা ইরান যুদ্ধের অবসানের কোনো দৃশ্যমান অগ্রগতি না থাকায় গুরুত্বপূর্ণ এই নৌপথের ওপর সার্বভৌমত্ব প্রতিষ্ঠার হুমকি দিয়ে আসছেন তিনি। ট্রাম্পের বক্তব্যের বিপরীতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি দাবি করেছেন, আলোচনায় বসার জন্য যুক্তরাষ্ট্রই তেহরানের কাছে ‘অনুনয়’ করছে। অর্থাৎ, দুই দেশের আলোচনার সম্ভাবনা ও বর্তমান পরিস্থিতি নিয়ে ওয়াশিংটন ও তেহরানের বক্তব্য এখন সম্পূর্ণ বিপরীত। এদিকে হরমুজ প্রণালি পুনরায় খোলার বিষয়ে ইরানের অবস্থানও স্পষ্ট করেছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি জানিয়েছেন, মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার, জব্দ সম্পদ ছেড়ে দেওয়া, তেল নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং সামরিক অভিযান ও হুমকি বন্ধ না হওয়া পর্যন্ত প্রণালি খোলা হবে না। হরমুজ প্রণালিকে ঘিরে চলমান অচলাবস্থার প্রভাব পড়েছে বিশ্ববাজারেও। এরই মধ্যে আন্তর্জাতিক বাজারে তেলের দাম গত জুলাইয়ের পর সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাত দাবি করেছে, ইরান থেকে নিক্ষেপ করা দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শনাক্ত করেছে। আমিরাতের ভাষ্য অনুযায়ী, একটি ক্ষেপণাস্ত্র দেশটির জলসীমার বাইরে এবং অন্যটি জলসীমার ভেতরে গিয়ে পড়ে। তবে আবুধাবির এই অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই অভিযোগটিকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। তার দাবি, এ ধরনের অভিযোগ আঞ্চলিক দেশগুলোর মধ্যে পারস্পরিক আস্থা তৈরির প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

Comments 0

Your Comment