blog-img
‘ইরানের সঙ্গে সমন্বয় করে’ হরমুজ পার হলো জাপানি তেলবাহী জাহাজ
7 hours ago
4.2 K Views
0 comments
ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের প্রভাবে স্থবির হয়ে পড়া হরমুজ প্রণালি দিয়ে এবার সফলভাবে পাড়ি জমিয়েছে জাপানের পতাকাবাহী একটি বিশাল তেলবাহী জাহাজ। মেরিন ট্র্যাকিং তথ্য অনুযায়ী, গত কয়েক দিনে যে গুটিকয়েক জাহাজ এই অত্যন্ত ঝুঁকিপূর্ণ জলপথ ব্যবহার করেছে, তার মধ্যে জাপানি এই ভিএলসিসি (ভেরি লার্জ ক্রুড ক্যারিয়ার) ট্যাংকারটি অন্যতম। প্রায় ২০ লাখ ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল বহনকারী এই জাহাজটি টোকিওভিত্তিক প্রতিষ্ঠান ‘ইদেমিতসু কোসান’-এর মালিকানাধীন বলে নিশ্চিত করা গেছে। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, জাপানি এই জাহাজটি ইরানের সঙ্গে সমন্বয় করে প্রণালিটি অতিক্রম করেছে। এর আগে গত ১৭ এপ্রিল সৌদি আরবের রাস তানুয়াহ বন্দর থেকে যাত্রা শুরু করেছিল জাহাজটি। বাণিজ্য বিশ্লেষক সংস্থা কেপলার-এর মতে, জাপানি জাহাজ মালিকরা সাধারণত আঞ্চলিক নিরাপত্তাঝুঁকির বিষয়ে অত্যন্ত সতর্ক অবস্থান নেন। ফলে চলমান অস্থিরতার মধ্যে তাদের এই যাত্রা এই পথে নৌ-চলাচলের ক্ষেত্রে একটি সীমিত আত্মবিশ্বাসের সংকেত হিসেবে দেখা হচ্ছে। উল্লেখ্য, ইরান ও পশ্চিমা শক্তির মধ্যকার সরাসরি যুদ্ধ এবং পাল্টাপাল্টি হামলার জেরে বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই রুটটি বর্তমানে প্রায় অচল। আগে প্রতিদিন গড়ে ১৩০টি জাহাজ এই প্রণালি দিয়ে চলাচল করলেও বর্তমানে তা নেমে এসেছে মাত্র ছয়টিতে। প্রণালির একপাশে ইরানের অবরোধ এবং অন্যদিকে যুক্তরাষ্ট্রের কড়াকড়ির ফলে বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম হু হু করে বাড়ছে। এই উত্তেজনার মাঝে জাপানি জাহাজের সফল পারাপার আন্তর্জাতিক জ্বালানিবাজারে এক নতুন আলোচনার জন্ম দিয়েছে।

Comments 0

Your Comment