blog-img
ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি বাতিল করার ঘোষণা ট্রাম্পের
8 hours ago
3.8 K Views
0 comments
ইরানের সাথে করা সমঝোতা চুক্তি বাতিল করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তুরস্কের রাজধানী আঙ্কারায় ন্যাটো জোটের শীর্ষ সম্মেলন তিনি এ কথা জানান। এই সম্মেলনে ন্যাটো প্রধান মার্ক রুটের পাশে দাঁড়িয়ে কড়া বক্তব্য দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে তিনি স্পষ্ট করে জানিয়েছেন, ইরানের সঙ্গে আমেরিকার চলমান সমঝোতা বা চুক্তি পুরোপুরি শেষ হয়ে গেছে। সম্মেলনে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে যে সমঝোতা স্মারক (এমওইউ) ছিল, তার দিন শেষ। তিনি বলেন, ‘আমার মনে হয় এটা শেষ। গত রাতে আমরা ওদের ওপর অত্যন্ত শক্তিশালী হামলা চালিয়েছি।’ ইরানকে পরমাণুমুক্ত করার ঘোষণা দিয়ে ট্রাম্প বলেন, আমি ওদের পছন্দ করি না। ওরা খুব নোংরা খেলোয়াড় এবং দুষ্টু লোক। আমাদের মূল লক্ষ্য হলো ইরানকে পরমাণুমুক্ত করা। আমরা ওদের পরমাণু ক্ষমতা কেড়ে নেবই। ট্রাম্প আরও বলেন, তিনি ইরানকে আগেই সতর্ক করেছিলেন যে তারা আঘাত করলে আমেরিকায় পাল্টা আঘাত করবে। তারা নোংরা উপায়ে চলে, সবার পেছনেই লাগে, এমনকি হয়তো আমার পেছনেও লাগবে। তবে ইরান ইস্যুতে সামরিক জোট ন্যাটোর ওপর বেশ অসন্তুষ্ট ট্রাম্প। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমি ন্যাটোর ওপর খুশি নই। কারণ বিশ্বের এক নম্বর সন্ত্রাসী রাষ্ট্র ইরানকে দমনে এই জোট আমাদের সাহায্য করতে চায়নি।’ উল্লেখ্য, গত মঙ্গলবার হরমুজ প্রণালিতে তিনটি তেলের ট্যাংকারে হামলার জেরে ইরানের ৮০টির বেশি নিশানায় ভয়াবহ হামলা চালায় আমেরিকা। এর জবাবে ইরানও বাহরাইন ও কুয়েতে থাকা আমেরিকার ৮৫টি ঘাঁটিতে পাল্টা হামলা চালায়। এর পাশাপাশি ইরান ইস্যুতে ইউরোপের দেশ স্পেনের ওপরও চরম ক্ষোভ ঝেড়েছেন ট্রাম্প। স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্য বাতিল করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। গত মার্চ মাসে স্পেন আমেরিকার যুদ্ধবিমানের জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছিল এবং নিজেদের ঘাঁটি ব্যবহার করতে মানা করেছিল। সেই ক্ষোভ থেকেই স্পেনকে ‘বাজে মিত্র’ উল্লেখ করে তাদের বিরুদ্ধে এই কঠোর ব্যবস্থা নিলেন ডোনাল্ড ট্রাম্প।

Comments 0

Your Comment