blog-img
ইরানের নেতৃত্বে ‘ফাটল’ ধরেছে, দাবি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর
3 hours ago
2.5 K Views
0 comments
ইরানের অভ্যন্তরীণ শাসনব্যবস্থায় ‌‘গভীর ফাটল’ তৈরি হয়েছে বলে দাবি করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সোমবার সকালে এবিসি নিউজ-এর ‘গুড মর্নিং আমেরিকা’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, বর্তমানে ইরানের নেতৃত্বের একটি অংশের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা চলছে, যারা আগের তুলনায় অনেক বেশি ‘যৌক্তিক’ আচরণ করছে। তবে নিরাপত্তার খাতিরে তেহরানের ঠিক কোন গোষ্ঠীর সঙ্গে এই আলোচনা চলছে, তা খোলাসা করতে অস্বীকার করেছেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি সোশ্যাল মিডিয়া পোস্টের প্রেক্ষাপটে রুবিও এই মন্তব্য করেন, যেখানে ট্রাম্প দাবি করেছিলেন যে যুক্তরাষ্ট্র ইরানের একটি ‘নতুন এবং অধিকতর যুক্তিবাদী’ শাসকের সঙ্গে সমঝোতার পথে এগোচ্ছে। রুবিও বলেন, ইরানের ভেতরে বর্তমানে ক্ষমতার দ্বন্দ্বে ফাটল সৃষ্টি হয়েছে এবং সেখানকার কিছু মানুষ বিদ্যমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে দেশকে ভিন্ন দিকে নিয়ে যেতে আগ্রহী। তবে এই ব্যক্তিদের পরিচয় প্রকাশ করলে তারা ইরানের ভেতরেই অন্য কট্টরপন্থী গোষ্ঠীর রোষানলে পড়তে পারেন বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। রুবিও আরও জানান, ইরানের যে প্রতিনিধিরা বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ রাখছেন, তারা গোপনে ইতিবাচক বার্তা দিচ্ছেন যা তাদের প্রকাশ্য বিবৃতির চেয়ে সম্পূর্ণ আলাদা। তবে এই ব্যক্তিরাই শেষ পর্যন্ত ইরানের ক্ষমতায় টিকে থাকতে পারবেন কি না কিংবা তাদের হাতে সিদ্ধান্ত নেওয়ার মতো যথেষ্ট ক্ষমতা আছে কি না, তা নিয়ে এখনো নিশ্চিত নয় ওয়াশিংটন। যুক্তরাষ্ট্র বর্তমানে এই আলোচনার সত্যতা এবং কার্যকারিতা যাচাই করছে এবং তারা আশা করছে যে এই আলোচনার মাধ্যমেই হয়তো দীর্ঘদিনের সংঘাতের একটি সমাধান বেরিয়ে আসবে।

Comments 0

Your Comment