blog-img
ইরানের তেল রপ্তানিতে আবারও মার্কিন নিষেধাজ্ঞা
11 hours ago
2.3 K Views
0 comments
হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনার পর ইরানের তেল বিক্রির ওপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার ওয়াশিংটন এ সিদ্ধান্ত কার্যকর করে। একই সঙ্গে ইরানকে কড়া সতর্কবার্তাও দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন এক কর্মকর্তা বলেন, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে ইরানের হামলা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। এ ঘটনার পরিণতি তেহরানকে ভোগ করতে হবে বলেও তিনি সতর্ক করেন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন নিষেধাজ্ঞার ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রায় ৫ শতাংশ বেড়ে যায়। এর আগে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে হওয়া একটি চুক্তির অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় আগামী ২১ আগস্ট পর্যন্ত ইরানের তেল বিক্রির অনুমোদন দিয়েছিল। তবে মঙ্গলবার জারি করা নতুন নিষেধাজ্ঞার ফলে সেই সময়সীমা কমিয়ে ১৭ জুলাই পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এদিকে বুধবার ইরানের বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্র ‘শক্তিশালী’ হামলা চালিয়েছে বলে খবর প্রকাশিত হয়েছে। ইরানের বার্তা সংস্থা মেহের নিউজ জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলের সিরিক এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, মঙ্গলবার ইরান হরমুজ প্রণালিতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছিল। এর জবাবে মঙ্গলবার রাতেই ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে শক্তিশালী হামলা চালানো হয়েছে বলে তারা দাবি করেছে।

Comments 0

Your Comment