ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলে আহত ১১, ক্ষতিগ্রস্ত বহু ভবন
13 hours ago
3.2 K
Views
0
like
share
মধ্য ইসরাইলে ইরানের সরাসরি ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১১ জন আহত হয়েছেন। শনিবার সংঘটিত এ হামলায় একটি আবাসিক এলাকায় বড় ধরনের বিস্ফোরণ ঘটে এবং সেখানে বিশাল গর্তের সৃষ্টি হয় বলে জানিয়েছে দেশটির চিকিৎসা কর্তৃপক্ষ। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ইতোমধ্যে দ্বিতীয় মাসে প্রবেশ করেছে। বার্তা সংস্থা এএফপি জানায়, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রটি মধ্য ইসরাইলের এশতাওল গ্রামে আঘাত হানে, যা বেইত শেমেশের নিকটবর্তী। এর আগে যুদ্ধের শুরুর দিকে একই এলাকায় আরেকটি ক্ষেপণাস্ত্র হামলায় ৯ জন নিহত হন, যাদের মধ্যে চারজন শিশু ছিল। এএফপির প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে, সর্বশেষ হামলায় কয়েকটি ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণের ফলে চারপাশে ধাতব ধ্বংসাবশেষ ও কংক্রিটের টুকরো ছড়িয়ে পড়ে। পাশাপাশি একাধিক গাড়ি ধ্বংস হয়ে যায় এবং আঘাতস্থলে বড় একটি গর্ত তৈরি হয়। ঘটনাস্থলে উদ্ধারকর্মী ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা তৎপরতা চালাচ্ছেন। একটি বাড়ির ছাদের টালি সম্পূর্ণ উড়ে গিয়ে কেবল মূল কাঠামোর কিছু অংশ অবশিষ্ট রয়েছে। ইসরাইলি সেনাবাহিনীর হোম ফ্রন্ট কমান্ডের প্রধান ওহাদ মোয়াল ঘটনাস্থল পরিদর্শন করে এএফপিকে বলেন, ‘এটি ইরানি ক্ষেপণাস্ত্রের সরাসরি আঘাত। এতে বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।’ এদিকে সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল নাদাভ শোশানি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিও বার্তায় জানান, ‘এশতাওলের একটি পারিবারিক বাড়ি ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে সম্পূর্ণ ধ্বংস হয়েছে।’ উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার পর থেকেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপর থেকে ইসরাইলসহ অঞ্চলটির বিভিন্ন দেশে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমে পাল্টা জবাব দিচ্ছে ইরান।