blog-img
ইরানকে সামলাতে গিয়ে ইসরায়েলকে সহায়তা করার শক্তি হারাচ্ছে যুক্তরাষ্ট্র?
4 hours ago
3 K Views
0 comments
ইরানের সাথে চলমান দীর্ঘায়িত সামরিক সংঘাতে মার্কিন প্রতিরক্ষা সক্ষমতা তীব্র চাপের মুখে পড়েছে। মার্কিন ইউরোপীয় কমান্ডের প্রধান জেনারেল আলেক্সাস গ্রিনকেউইচ পেন্টাগনে পাঠানো এক গোপন বার্তায় সতর্ক করেছেন। তিনি বলেছেন, চলমান যুদ্ধের কারণে মার্কিন সমরাস্ত্র ও সরঞ্জাম মারাত্মকভাবে ফুরিয়ে আসছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, মার্কিন মূল ভূখণ্ডের নিরাপত্তা রক্ষা এবং ইসরায়েলকে সামরিক সহায়তা দেওয়া; উভয় দিক একসঙ্গে বজায় রাখা কঠিন হয়ে পড়েছে। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন যুদ্ধজাহাজ এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ওপর অতিরিক্ত চাপের কথা তুলে ধরে পেন্টাগন কর্তৃপক্ষকে চিঠি দিয়েছেন ওই শীর্ষ জেনারেল। বর্তমান পরিস্থিতিতে অতিরিক্ত যুদ্ধজাহাজ মোতায়েন করা না হলে, মার্কিন মূল ভূখণ্ডের সুরক্ষাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিতে বাধ্য হতে পারেন তারা। এর ফলে ইসরায়েলের দিকে তেহরানের ছোঁড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধে মার্কিন সহায়তা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযান ইতোমধ্যে পঞ্চম মাসে গড়িয়েছে। হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ার পর থেকে মার্কিন নৌবাহিনী ইরানের বিরুদ্ধে অবরোধ বজায় রেখেছে এবং পূর্ব ভূমধ্যসাগরে মোতায়েন থাকা মার্কিন রণতরীগুলো ইসরায়েলে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র প্রতিহত করার ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করে আসছে। তবে লাগাতার এসব সামরিক অভিযানের ফলে মার্কিন নৌবাহিনীর রক্ষণাবেক্ষণ কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং সাগরে যুদ্ধজাহাজের প্রাপ্যতা আশঙ্কাজনকভাবে কমে গেছে। পেন্টাগনের অভ্যন্তরীণ সূত্রের বরাত দিয়ে জানা যায়, সীমিত সামরিক সম্পদের কারণে অপারেশনাল ঝুঁকি বাড়লে কমব্যাট কমান্ডাররা এভাবেই শীর্ষ নেতৃত্বকে সতর্ক করে থাকেন। তবে এই বিষয়ে পেন্টাগন বা ইউরোপীয় কমান্ডের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

Comments 0

Your Comment