blog-img
ইতালিতে ট্রাম দুর্ঘটনায় নিহত ২, আহত ৩৮
14 hours ago
2.3 K Views
0 comments
ইতালির বাণিজ্যিক রাজধানী মিলানে এক ভয়াবহ ট্রাম দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। ভয়াবহ এই দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩৮ জন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) শহরের ব্যস্ত ‘ভিট্টোরিও ভেনেতো অ্যাভিনিউ’ এলাকায় ট্রামটি লাইনচ্যুত হয়ে একটি ভবনের দোকানে ঢুকে পড়লে হতাহতের ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে, ট্রামটি বেশ দ্রুতগতিতে চলছিল। হঠাৎ এটি লাইন থেকে ছিটকে গিয়ে রাস্তার পাশের একটি ভবনে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় ট্রামটির একটি অংশ দোকানের ভেতর ঢুকে যায়। সে সময় আশেপাশে থাকা মানুষ ও ট্রামের যাত্রীরা আতঙ্কে দিগ্বিদিক ছুটতে থাকেন। অনেক যাত্রী ছিটকে ট্রামের মেঝেতে পড়ে যান। শহরের মেয়র জিউসেপ্পে সালা জানান, নিহতদের মধ্যে একজন ষাটোর্ধ্ব ইতালীয় নাগরিক এবং অন্যজন মিলানে বসবাসরত একজন বিদেশি। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর, যাদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, এটি কোনো কারিগরি ত্রুটি নয় বরং চালকের ভুলের কারণে ঘটেছে। তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, চালক সম্ভবত ট্র্যাক পরিবর্তনের সুইচটি ঠিকমতো চাপেননি। এতে ট্রামটি নির্ধারিত স্টপেজ অতিক্রম করার পরও থামেনি। ট্রামটি অনুমোদিত গতিসীমার চেয়ে বেশি জোরে চলছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনার পর দমকল বাহিনী ও উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। বর্তমানে মিলানে ‘ফ্যাশন সপ্তাহ’ চলছে, পাশাপাশি শহরটি ২০২৬ সালের শীতকালীন অলিম্পিক আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। এমন ব্যস্ত সময়ে এই দুর্ঘটনা শহরজুড়ে শোক ও আতঙ্ক সৃষ্টি করেছে।

Comments 0

Your Comment