আমেরিকার ২৫০তম জন্মদিনে প্রগতিশীলদের ‘দেশছাড়া’ করার হুমকি ট্রাম্পের
5 hours ago
2.6 K
Views
0
like
share
যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উদযাপনের সূচনায় দেওয়া ভাষণে তীব্র রাজনৈতিক বার্তা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাউথ ডাকোটার ঐতিহাসিক মাউন্ট রাশমোরে আয়োজিত অনুষ্ঠানে তিনি যুক্তরাষ্ট্রে কমিউনিজমের পুনরুত্থানের দাবি করে তা দেশের জন্য বড় হুমকি বলে উল্লেখ করেন। একই সঙ্গে অবৈধ অভিবাসী এবং যাদের তিনি কমিউনিস্ট হিসেবে অভিহিত করেন, তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও জানান।
শুক্রবার রাতে দেওয়া এই ভাষণে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের প্রকৃত পরিচয় ফিরিয়ে আনতে হবে। তার দাবি, দেশজুড়ে এমন একটি আদর্শিক প্রবণতা তৈরি হয়েছে যা মার্কিন সংবিধান ও স্বাধীনতার চেতনার পরিপন্থী।
ট্রাম্প বলেন, স্নায়ুযুদ্ধের পর আবারও যুক্তরাষ্ট্রে কমিউনিজমের উত্থান ঘটছে। তার ভাষ্য অনুযায়ী, এই প্রবণতা দেশের স্বাধীনতা ও মূল্যবোধের জন্য বড় হুমকি। তিনি বলেন, কমিউনিস্টদের দ্রুত পরাস্ত করা হবে এবং তাদের দেশ থেকে নির্বাসনে পাঠানো হবে।
ভাষণে তিনি আরও অভিযোগ করেন, প্রগতিশীলরা শিশুদের এমন শিক্ষা দিচ্ছে যে যুক্তরাষ্ট্র চুরি করা জমির ওপর প্রতিষ্ঠিত এবং দেশের ঐতিহাসিক বীরেরা ছিলেন অত্যাচারী। এসব বক্তব্যকে তিনি মার্ক্সবাদী প্রচারণা হিসেবে উল্লেখ করেন।
এ সময় ট্রাম্প কংগ্রেসের প্রতি সেভ আমেরিকা অ্যাক্ট পাসের আহ্বান জানান। তার দাবি, এই আইন কার্যকর হলে নির্বাচনী ব্যবস্থা আরও শক্তিশালী হবে। তবে সমালোচকদের মতে, প্রস্তাবিত আইনটি ভোটাধিকার সীমিত করতে পারে।
ট্রাম্পের বক্তব্যের পর যুক্তরাষ্ট্রে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। ইতিহাসবিদ ও সমালোচকদের একাংশের অভিযোগ, ভাষণে তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসের কিছু বিতর্কিত অধ্যায় এড়িয়ে গেছেন। বিশেষ করে আদিবাসী জনগোষ্ঠীর ভূমি দখল এবং দাসপ্রথার ইতিহাস নিয়ে তার বক্তব্যে ভারসাম্যের অভাব রয়েছে বলে তারা মন্তব্য করেছেন।
মার্কিন স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে ট্রাম্পের দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ওয়াশিংটনের ন্যাশনাল মলেও তার আরও একটি ভাষণ ও আতশবাজির আয়োজন রয়েছে।