blog-img
আমিরাতের রাষ্ট্রায়ত্ত তেলের ট্যাংকারে 'ইরানের হামলা'
1 hour ago
3.5 K Views
0 comments
হরমুজ প্রণালিতে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় তেল কোম্পানির একটি তেলের ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে। আমিরাত এই ঘটনাকে শত্রুভাবাপন্ন ইরানি হামলা ও জলদস্যুতা হিসেবে উল্লেখ করে এর তীব্র নিন্দা জানিয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ডব্লিউএএম জানায়, হরমুজ প্রণালি পার হওয়ার সময় এডনকের জাহাজটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং ট্যাংকারটির নাম বা ক্ষয়ক্ষতির বিস্তারিত বিবরণও প্রকাশ করা হয়নি। যদিও এখনও ইরান এ হামলার দায় স্বীকার করেনি। এ বিষয়ে তেহরানের কোনো মন্তব্যও করেনি। চলমান মার্কিন-ইসরায়েল ও ইরান সংঘাতের জেরে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথটিতে নৌ-চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই হামলা অবাধ নৌ-চলাচল সংক্রান্ত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবের পরিপন্থী। তারা ইরানের রেভল্যুশনারি গার্ডসের বিরুদ্ধে বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে হরমুজ প্রণালিকে অর্থনৈতিক চাপের হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ তুলেছে এবং অবিলম্বে এই পথ সম্পূর্ণ ও নিঃশর্তভাবে খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে। এর আগে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী হুঁশিয়ারি উচ্চারণ করেছিল যে, তেহরানের শত্রুদের সাথে সম্পৃক্ত বা তাদের নির্দেশনা অমান্যকারী যেকোনো জাহাজের বিরুদ্ধেই কঠোর পদক্ষেপ নেওয়া হবে। আবুধাবির রাষ্ট্রীয় তেল কোম্পানি এডনক জানিয়েছে, সংঘাত শুরুর পর থেকে হরমুজ প্রণালি অতিক্রমের সময় তাদের মোট ১৫টি জাহাজে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। এসব হামলায় এখন পর্যন্ত একজন ক্রু সদস্য নিহত এবং ২০ জন আহত হয়েছেন। বিশ্বজুড়ে জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান এডনক বর্তমানে চরম প্রতিকূল ও চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্য দিয়ে কার্যক্রম পরিচালনা করছে।

Comments 0

Your Comment