blog-img
আবারও গৌতম আদানি এশিয়ার শীর্ষ ধনী
13 hours ago
4.3 K Views
0 comments
ভারতের শিল্পপতি গৌতম আদানি আবারও এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তির অবস্থান ফিরে পেয়েছেন। আদানি গোষ্ঠীর বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ারের দামে উল্লেখযোগ্য উত্থানের ফলে তার সম্পদ একদিনেই প্রায় ২৫০ কোটি মার্কিন ডলার বেড়েছে। সাম্প্রতিক হিসাব অনুযায়ী, গৌতম আদানির মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৮ হাজার ৯২০ কোটি মার্কিন ডলারে। এর মাধ্যমে তিনি ভারতের শীর্ষ ধনকুবের মুকেশ আম্বানি এবং জাপানের প্রযুক্তি বিনিয়োগকারী মাসায়োশি সনকে পেছনে ফেলে এশিয়ার ধনী তালিকার শীর্ষস্থান দখল করেছেন। বর্তমানে মুকেশ আম্বানির সম্পদের পরিমাণ প্রায় ৮ হাজার ৮০০ কোটি ডলার এবং মাসায়োশি সনের সম্পদ প্রায় ৮ হাজার ৭০০ কোটি ডলার। বিশ্লেষকদের মতে, আদানি গোষ্ঠীর শেয়ারমূল্যের ধারাবাহিক বৃদ্ধি এই উত্থানের প্রধান কারণ। বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক প্রতিষ্ঠান আদানি গ্রিন এনার্জির শেয়ারের দাম একদিনেই প্রায় ৭ শতাংশ বেড়েছে। এছাড়া বিদ্যুৎ সঞ্চালন, বন্দর পরিচালনা, জ্বালানি ও অবকাঠামো খাতের অন্যান্য প্রতিষ্ঠানগুলোর শেয়ারও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ফলে আদানি গোষ্ঠীর তালিকাভুক্ত ছয়টি প্রতিষ্ঠানের সম্মিলিত বাজারমূল্য প্রায় ১৯ হাজার ১০০ কোটি মার্কিন ডলারে পৌঁছেছে। বাংলাদেশের সঙ্গেও আদানি গোষ্ঠীর ব্যবসায়িক সম্পর্ক রয়েছে। প্রতিষ্ঠানটির বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থা বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করে আসছে। ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত তাদের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করা হয়। অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, গত মাসে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ আদানির বিরুদ্ধে আনা একটি বহুল আলোচিত প্রতারণা-সংক্রান্ত অভিযোগ থেকে সরে আসার পর তার ব্যবসায়িক অবস্থান আরও শক্তিশালী হয়েছে। এরপর থেকেই আদানি গোষ্ঠীর শেয়ারের মূল্য বাড়তে শুরু করে এবং অল্প সময়ের মধ্যেই তার সম্পদে প্রায় এক হাজার কোটি ডলারের বেশি যোগ হয়েছে। যদিও এর আগে সৌরবিদ্যুৎ প্রকল্পসংক্রান্ত একটি ঘুষ কেলেঙ্কারির অভিযোগ নিয়ে তিনি আন্তর্জাতিকভাবে আলোচনায় ছিলেন, তবে আদানি ও তার সহযোগীরা শুরু থেকেই সেই অভিযোগ অস্বীকার করে আসছেন। শেয়ারবাজারে সাম্প্রতিক উত্থানের ফলে এখন আবারও এশিয়ার শীর্ষ ধনীর আসনে ফিরেছেন এই ভারতীয় শিল্পপতি।

Comments 0

Your Comment