আদালতে আইনজীবীর ভূমিকায় মমতা, লড়বেন ভোট পরবর্তী প্রতিহিংসা মামলা
4 hours ago
2.6 K
Views
0
like
share
আইনজীবীর পোশাক পরে কলকাতা হাইকোর্টে উপস্থিত রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ভোট পরবর্তী সহিংসতায় তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের ওপরে হামলা, বাড়িঘর ভাঙচুর, দলীয় কার্যালয়ে হামলার মামলায় শুনানি করতে হাইকোর্টে প্রবেশ করেছেন তিনি।
আজ বৃহস্পতিবারআদালতের ১ নম্বর কক্ষে হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের এজলাসে এই মামলার শুনানি হবে।
আদালতে এই সংক্রান্ত একটি জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন রাজ্যটির উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের পরাজিত তৃণমূল প্রার্থী শীর্ষণ্য বন্দোপাধ্যায়। তার অভিযোগ, গত ৪ মে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার হওয়ার পর থেকে তাদের নেতাকর্মীদের ওপরে হামলা হয়েছে, তাদের বাড়িঘর ভাঙচুর হয়েছে। ওই ঘটনার পর থেকে তাদের বহু নেতাকর্মী এখনো ঘরছাড়া, তৃণমূলের দলীয় কার্যালয় ভাঙচুর হয়েছে। ফলে সংশ্লিষ্ট এলাকায় শান্তি ফিরিয়ে আনতে কলকাতা হাইকোর্ট যেন হস্তক্ষেপ করে।
এই সংক্রান্ত মামলায় সাওয়াল করার জন্যই বৃহস্পতিবার আদালতে পৌঁছান মমতা। আইনজীবীদের নির্দিষ্ট কালো গাউন পরে এদিন মূল প্রবেশদ্বার দিয়ে আদালতের ভেতরে প্রবেশ করেন মমতা।
এদিন সকাল ১০টা ২০ নাগাদ হাইকোর্টে এসে পৌঁছান তৃণমূল নেত্রী। তার সঙ্গে উপস্থিত ছিলেন আইনজীবী ও তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি, আইনজীবী ও সাবেক মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, তৃণমূলের কাউন্সিলর বৈশ্বান্বর চট্টোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের আইনজীবী সেলের আইনজীবীরা।
তবে এবারই প্রথম নয়, গত ফেব্রুয়ারি মাসেও আইনজীবী হিসেবে দেখা গিয়েছিল মমতা ব্যানার্জিকে। সেই সময় এসআইআর (ভোটার তালিকায় নিবিড় সংশোধন) ইস্যুতে ভারতের নির্বাচন কমিশনের বিরুদ্ধে শীর্ষ আদালতে (সুপ্রিম কোর্ট) দায়ের করা মামলায় নিজেই সওয়াল করেছিলেন পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
মমতা ব্যানার্জির আইনের ডিগ্রি রয়েছে, কলকাতার যোগেশ চন্দ্র চৌধুরী আইন কলেজ থেকে আইনে স্নাতক পাশ করেন তিনি। ২০০৩ সালের আগ পর্যন্ত আইনের প্র্যাকটিসও করেছিলেন তিনি। তবে সে সময় তিনি মুখ্যমন্ত্রী ছিলেন না।