‘কপিল শর্মার শো ৭০ শতাংশই স্ক্রিপ্টেড’, তারকাদের হাসানোর গোপন তথ্য ফাঁস
8 hours ago
4.7 K
Views
0
like
share
ভারতের তুমুল জনপ্রিয় কমেডি অনুষ্ঠান ‘দ্য কপিল শর্মা শো’ নিয়ে দর্শকদের কৌতূহলের শেষ নেই। স্টেজে তারকাদের হাসাহাসি আর খুনসুটি কতটা আসল আর কতটা সাজানো, তা নিয়ে প্রায়ই আলোচনা হয়। এবার এই শো-এর ভেতরের গোপন রসায়ন ও সৃজনশীল প্রক্রিয়া নিয়ে মুখ খুলেছেন অভিনেতা কিকু শার্দা।
কপিল শর্মার সঙ্গে এক দশকেরও বেশি সময় ধরে কাজ করা কিকু জানান, তাদের পুরো অনুষ্ঠানটি মূলত ৭০ শতাংশ লিখিত চিত্রনাট্য বা স্ক্রিপ্ট মেনে চলে, আর বাকি ৩০ শতাংশ সম্পূর্ণ তাৎক্ষণিক উপস্থিত বুদ্ধির ওপর নির্ভর করে।
একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে কিকু শার্দা বলেন, শো-তে আসা তারকা অতিথিদের কাছ থেকে একদম আসল ও স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া পাওয়ার জন্য তারা ইচ্ছাকৃতভাবেই অনেক জোকস এবং পাঞ্চলাইন তাদের কাছ থেকে লুকিয়ে রাখেন। অতিথিরা যাতে স্টেজে আসার আগে চরিত্র বা জোকস সম্পর্কে কিছু জানতে না পারেন, সেই চেষ্টা করা হয়। এর ফলে ক্যামেরার সামনে যখন প্রথমবার তারা পারফর্ম করেন, তখন তারকাদের আসল চমকে যাওয়া বা হাসির অভিব্যক্তিটি দারুণভাবে ফুটে ওঠে।
বলিউড ভাইজান সালমান খানের একটি শুটিংয়ের অভিজ্ঞতা স্মরণ করে কিকু জানান, সেটে সালমানের প্রতিক্রিয়া আগে থেকে আন্দাজ করা অসম্ভব। অনেকসময় অনেক বড় কোনো জোকস বা পাঞ্চলাইন শুনেও সালমান হয়তো স্বাভাবিক থাকেন, আবার মাঝখান থেকে কেউ হুট করে কোনো সাধারণ কথা বলে বসলে তিনি আর হাসি থামাতে পারেন না। সালমান একবার হাসতে শুরু করলে তার চোখ দিয়ে পানি চলে আসে এবং তিনি হাসিতে একেবারেই ভেঙে পড়েন।
অনুষ্ঠানের মূল চালিকাশক্তি কপিল শর্মার ভূয়সী প্রশংসা করে কিকু বলেন, কোনো জোকস বা অভিনয় যদি স্টেজে কাজ না করে, তবে কপিল খুব চমৎকারভাবে পরিস্থিতি সামাল দিতে পারেন। কপিলের এই তাৎক্ষণিক সেন্স অব হিউমার অসাধারণ। কোনো পারফরম্যান্স যখন জমে ওঠে না, তখন কপিল স্ক্রিপ্টের বাইরে গিয়ে নিজে থেকেই বলে ওঠেন, ‘আমি তো আগেই বলেছিলাম এটা চলবে না’। এতে দর্শক তো হাসেনই, পাশাপাশি অন্য শিল্পীদেরও অস্বস্তিকর পরিস্থিতি থেকে সহজে বেরিয়ে আসার সুযোগ তৈরি হয়। দীর্ঘ ১৩ বছর একসঙ্গে কাজ করার পর এখন তারা একে অপরের মনের ভাব না বলতেই বুঝে যান বলে জানান এই কৌতুক অভিনেতা।