blog-img
‘আমার চরিত্র আপনার থেকে অনেক ভালো’, রামদেবকে কঙ্গনা
56 minutes ago
4.7 K Views
0 comments
ভারতের শিক্ষার্থীদের নিয়ে কঙ্গনা রানাওয়াতের বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে ফের প্রকাশ্যে এসেছে অভিনেত্রী ও বাবা রামদেবের বাকযুদ্ধ। সম্প্রতি এক সাক্ষাৎকারে কঙ্গনার সমালোচনা করেন রামদেব। গত মাসে দিল্লির যন্তর মন্তরে প্রশ্নফাঁস কেলেঙ্কারির ঘটনায় প্রতিবাদ করতে যাওয়া নতুন প্রজন্মের পড়ুয়াদের ‘নর্দমার কীট’ বলে কটাক্ষ করেছিলেন কঙ্গনা। তার ওই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক বিতর্কের জন্ম দেয়। পরে অবশ্য তিনি নতুন প্রজন্মকে দেশের শক্তি হিসেবে উল্লেখ করেন। সেই প্রসঙ্গেই কঙ্গনার সমালোচনা করেন বাবা রামদেব। তিনি বলেন, দেশের যুবসমাজকে যারা নর্দমার সঙ্গে তুলনা করেন, তাদের নিয়ে তিনি কথা বলতে চান না। তার ভাষায়, এ ধরনের মন্তব্য ‘বিকৃত মনের’ পরিচয় দেয়। একই সঙ্গে তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি এ ধরনের ব্যক্তিদের বিষয়ে বিশেষ নজর দেওয়ার আহ্বান জানান। এরপর কঙ্গনার অতীত নিয়েও প্রশ্ন তোলেন রামদেব। তিনি জানতে চান, মন্তব্যটি যিনি করেছেন তার শৈশব ও যৌবন কেমন ছিল এবং অতীতে তার কী ধরনের কর্মকাণ্ড ছিল—সেটি মনে আছে কি না। রামদেবের এই বক্তব্যের জবাবে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান কঙ্গনা। তিনি বলেন, ‘বাবাজি, আমার যৌবন এবং বেডরুম নিয়ে দিবাস্বপ্ন দেখা বন্ধ করুন।’ গুজবের ভিত্তিতে কারও সম্পর্কে মন্তব্য না করারও আহ্বান জানান তিনি। কঙ্গনা আরও দাবি করেন, প্রতারণামূলক কর্মকাণ্ডের জন্য তাকে কখনো সুপ্রিম কোর্টে দাঁড়াতে হয়নি। রামদেবের মন্তব্যকে ভিত্তিহীন আখ্যা দিয়ে তিনি বলেন, তার বক্তব্য যুক্তির ওপর ভিত্তি করেই দেওয়া হয়েছে। নিজের চরিত্র নিয়ে মন্তব্য না করার জন্যও রামদেবকে সতর্ক করেন কঙ্গনা। তার দাবি, ‘আমার চরিত্র আপনার থেকে অনেক ভালো। এখানে অন্তত প্রতারণার বিষয় নেই।’ একইসঙ্গে নিজের আগের বক্তব্যের ব্যাখ্যাও দেন কঙ্গনা। তিনি বলেন, যুবসমাজ দেশের শক্তি এবং প্রত্যেক তরুণই কারও না কারও সন্তান; তারাই দেশের ভবিষ্যৎ। যন্তর মন্তরে যে নির্দিষ্ট ভিড় হয়েছিল, তিনি কেবল তাদের নিয়েই মন্তব্য করেছিলেন বলে দাবি করেন। কঙ্গনা আরও বলেন, তিনি যদি গোটা প্রজন্মকে উদ্দেশ্য করে কোনো মন্তব্য করে থাকেন—এমন নির্দিষ্ট বক্তব্য দেখানো যায়, তাহলে তিনি তা মেনে নেবেন। একই সঙ্গে রামদেবের সঙ্গে রাজনৈতিক মতবিরোধে জড়াতে চান না বলেও জানান তিনি। তার ভাষ্য, তিনি কোনোভাবেই যুবসমাজের বিরোধী নন।

Comments 0

Your Comment