জমি বিরোধে চাচাকে পিটিয়ে হত্যা, ভাতিজা গ্রেফতার
3 hours ago
3.1 K
Views
0
like
share
গাইবান্ধার গোবিন্দগঞ্জে জমির বিরোধের জেরে কফিল উদ্দিন (৬৫) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা মামলার প্রধান আসামি আব্দুল জলিলকে (৪৮) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গ্রেপ্তার আব্দুল জলিল উপজেলার উত্তর হরিপুর মধ্যপাড়া এলাকার ছামছুল হকের ছেলে ও হরিরামপুর ইউনিয়নের বর্তমান ৭ নম্বর ওয়ার্ড সদস্য। নিহত কফিল উদ্দিন গ্রেপ্তার আব্দুল জলিলের চাচা।
সোমবার (২৯ জুন) দুপুরে র্যাব-১৩’র অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোম্বামী এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে রবিবার দিবাগত রাতে গাজীপুরের কালিয়াকৈর থানাধীন পূর্ব মৌচাক কাঁচাবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, নিহত কফিল উদ্দিনের পৈতৃক ৬৬ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে তার শরিকদের সঙ্গে বিরোধ চলছিল। বিষয়টি স্থানীয়ভাবে একাধিকবার সালিশের মাধ্যমে নিষ্পত্তির চেষ্টা হলেও তা সফল হয়নি। পরে ওই জমি স্থানীয় কৃষক আতাউর রহমানকে বর্গা চাষের জন্য দেন কফিল উদ্দিন। এক পর্যায়ে গত ২৮ এপ্রিল সকালে বর্গাচাষী আতাউর রহমান জমিতে ধান কাটতে গেলে অভিযুক্তরা বাধা দেন। এ সময় তাকে দেশীয় অস্ত্র দিয়ে মারধর করা হয়। খবর পেয়ে কফিল উদ্দিন ঘটনাস্থলে গিয়ে আতাউর রহমানকে উদ্ধার করার চেষ্টা করলে আব্দুল জলিলের নেতৃত্বে অভিযুক্তরা তাকেও বেধড়ক মারধর করে। কফিল উদ্দিনের স্ত্রী জুলেখা বেগমকেও মারধর করা হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করতে এগিয়ে এলে কফিল উদ্দিনকে ঘটনাস্থলেই মৃত অবস্থায় পাওয়া যায়। পরে ১ মে নিহত কফিল উদ্দিনের স্ত্রী জুলেখা বেগম বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর থেকেই আসামিরা আত্মগোপনে চলে যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘটনার গুরুত্ব বিবেচনায় আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি জোরদার করে র্যাব। এরই ধারাবাহিকতায় সিপিসি-৩ র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্প ও সিপিএসসি র্যাব-১ গাজীপুর ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের কালিয়াকৈরের পূর্ব মৌচাক কাঁচাবাজার এলাকায় অভিযান পরিচালনা করে আব্দুল জলিলকে গ্রেপ্তার করা হয়।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।