বরিশালের বাবুগঞ্জে চুরি করে পালানোর সময় চোরাই মালামালসহ আপন ভাই-বোনকে আটক করেছে এলাকাবাসী। পরে তাদের গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। বুধবার সকালে উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের আগরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আটকরা হলেন- মুলাদী উপজেলার গাছুয়া গ্রামের আবদুর রহমান সরদারের মেয়ে রুমা আক্তার (৩৫) ও তার ভাই জসিম সরদার (৪০)।
আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আমিনুল ইসলাম স্থানীয়দের বরাত দিয়ে জানান, মঙ্গলবার রাতে আগরপুর গ্রামের টিটুর চায়ের দোকানসহ ব্রাহ্মণদিয়া গ্রামের হানিফ হাওলাদার, আরিফ আকন, আসাদুল ইসলামসহ একাধিক বাড়িতে চুরির ঘটনা ঘটে।
বুধবার ভোরে টিটুর চায়ের দোকানে চুরির ঘটনায় ধারণ করা সিসিটিভি ফুটেজ দেখে দুই চোরকে শনাক্ত করা হয়। পরে এলাকায় ব্যাপক তল্লাশি চালিয়ে এক নারী ও এক পুরুষকে আটক করেন স্থানীয়রা।
আগরপুর গ্রামের বাসিন্দা মো. মিলন জানান, আটক জসিম সরদারের কাছ থেকে টিটুর দোকান থেকে চুরি করা একটি ডলার ও নগদ টাকা এবং রুমা আক্তারের কাছ থেকে চোরাই পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। আটকের পর এলাকাবাসী তাদের গণধোলাই দিয়ে আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্রে সোপর্দ করে।
পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আমিনুল ইসলাম বলেন, আটক দুজনকে বাবুগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।